
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে ভারতীয় চিনি চোরাচালান ও মজুদের মামলার আসামী আব্দুর রহমান (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রহমান কানাইঘাট উপজেলার নন্দীরাই গ্রামের আবদুল হান্নানের ছেলে।
গত ৪ ডিসেম্বর সকাল ১১টার দিকে পুলিশ পশ্চিম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর র্যাব-৯-এর একটি দল কানাইঘাটের পশ্চিমবাজার এলাকায় অভিযান চালিয়ে বুরহান উদ্দিন নামের একজনকে আটক করে এবং তিনটি গোডাউন থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিনি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় র্যাবের এসআই মো. ইমামুল হাসান বাদী হয়ে ২৯ নভেম্বর কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। মামলায় বুরহান উদ্দিন, আবজাল হোসেন, আব্দুর রহমান ও আফতাব রহমানকে আসামি করা হয়।