মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা মো: কামাল হোসেনের উপর সন্ত্রাসী হামলা, ছুরিকাঘাতে গুরুতর আহত, অভিযুক্ত জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক

Daily Jugabheri
প্রকাশিত March 16, 2023
মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা মো: কামাল হোসেনের উপর সন্ত্রাসী হামলা, ছুরিকাঘাতে গুরুতর আহত, অভিযুক্ত জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক

সাহেদুল ইসলামের ছুরিকাঘাতে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন আহতের স্থির চিত্র।


মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলায় রাজনৈতিক সহিংসতার নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলো ১৫ মার্চের রাতের রক্তাক্ত ঘটনা। রাজনগর উপজেলার তাহারলামু এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহেদুল ইসলামের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল রাত আনুমানিক ১১টার দিকে মো. কামাল হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কর্মসূচির প্রস্তুতির কাজ শেষ করে নিজ বাড়িতে ফেরার পথে তাহারলামু এলাকায় একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় সাহেদুল ইসলামের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয় এবং কামাল হোসেনকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজারের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থা সংকটাপন্ন দেখে কর্তব্যরত চিকিৎসকরা সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
পরিবারের সদস্যরা জানান, বর্তমানে মো. কামাল হোসেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার প্রাণহানির আশঙ্কা আপাতত নেই, তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে মো. কামাল হোসেন একজন সুপরিচিত ছাত্রলীগ নেতা এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তিনি ২০১৫ সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নেছার আহমদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নির্বাচনী প্রচারণায়। তার পিতা মো. নানু মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের রাজনগর উপজেলা শাখার উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারটি রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রতি অনুগত এবং দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. কামাল হোসেন ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি জামায়াত-শিবির এবং বিএনপির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির নানা উদ্যোগে যুক্ত ছিলেন। এসব কারণে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এ জনপ্রিয়তাই তার উপর ঈর্ষা ও শত্রুতার জন্ম দেয়। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সাহেদুল ইসলাম এর আগেও বহুবার তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়ালেও কামাল হোসেন বিষয়টি গুরুত্ব না দিয়ে রাজনৈতিক কর্মকা-ে মনোনিবেশ করে আসছিলেন।
হামলার দিন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রস্তুতিমূলক কাজ শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
হামলার ঘটনার পরপরই মো. কামাল হোসেনের পিতা মো. নানু মিয়া রাজনগর থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “এটি একটি স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা হতে পারে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।”
ঘটনার পর স্থানীয় রাজনীতি ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে তারা দ্রুত বিচার ও হামলার পেছনের কারণ প্রকাশের দাবি জানান।
এই হামলা শুধু একজন ছাত্রনেতার উপর আঘাত নয়, বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপরও প্রশ্ন তুলে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এ ধরনের ঘটনা কঠোরভাবে দমন করা এবং ন্যায়ের সুরক্ষা নিশ্চিত করা। রাজনৈতিক মতপার্থক্য কখনোই সহিংসতায় পরিণত হওয়া উচিত নয় এই বার্তাই এখন সকলের মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন