বিয়ানীবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট, আহত ২

Daily Jugabheri
প্রকাশিত May 8, 2023
বিয়ানীবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট, আহত ২

বিয়ানীবাজার প্রতিনিধি ::
সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মারধর ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (৬ মে) রাত আনুমানিক ৮টার দিকে পৌর শহরের ‘রেদওয়ান এন্টারপ্রাইজ’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। হামলায় প্রতিষ্ঠানের মালিক রেদওয়ান হোসেন ও তার ম্যানেজার আমজাদ হোসেন আহত হয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী মহল বিভিন্নভাবে রেদওয়ান হোসেনের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। তাদের দাবি, স্থানীয় ব্যবসায়ী ময়না মিয়া, যিনি ‘গ্রিন থাই অ্যালুমিনিয়াম’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক, দীর্ঘদিন ধরে রেদওয়ান হোসেনকে তার ব্যবসা কম মূল্যে বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান টেলিফোনে তাকে প্রাণনাশের হুমকি দেন বলে পরিবারের অভিযোগ।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার রাত ৮টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল কালো কাপড় দিয়ে মুখ ঢেকে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। তারা আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খানের পরিচয় দিয়ে রেদওয়ান হোসেনের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। রেদওয়ান হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এবং পুলিশকে ফোন করার চেষ্টা করলে হামলাকারীরা আগ্নেয়াস্ত্র উঠিয়ে ধামকি দেয়। পরে তারা রেদওয়ান হোসেন ও আমজাদ হোসেনকে এলোপাতাড়ি মারধর করে। এসময় তারা দোকানে ব্যাপক ভাংচুর চালায় এবং নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর ব্যবসায়ী মহলে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের একাংশ জানান, প্রকাশ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনা ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে বিয়ানীবাজার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া ময়না মিয়া ও আতাউর রহমান খানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন