ভালবেসে বিয়ে করে অপহরণ মামলায় কারাগারে গেলেন যুবক

Daily Jugabheri
প্রকাশিত July 15, 2023
ভালবেসে বিয়ে করে অপহরণ মামলায় কারাগারে গেলেন যুবক

স্টাফ রিপোর্টার : ভালবেসে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করায় স্ত্রীর পিতার অপহরণ মামলায় গ্রেফতার হয়েছেন এক যুবক। গতকাল শুক্রবার (১৪ জুলাই) রাতে নগরীর সুবিদবাজারস্থ নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। তার নাম তানিম আহমদ অপু (২৩)। সে নগরীর এয়ারপোর্ট থানাধিন সুবিদবাজার বনকলাপাড়ার তোতা মিয়ার পুত্র।

জানা গেছে, সিলেট নগরীর জালালাবাদ থানাধিন হাউসা মীরপুর গ্রামের লিলু মিয়ার মেয়ে কলেজ ছাত্রী নাহিদা ইয়াসমিন (১৮) এর সাথে তানিম আহমদ অপুর প্রেমের সম্পর্ক ছিল। গত ৬ জুলাই তারা দুজন পরস্পরকে ভালবেসে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ করে অপুর বাসায় বসবাস করতে থাকেন। এই ঘটনায় ১১ জুলাই মেয়ের বাবা লিলু মিয়া বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে কোতোয়ালী থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে তানিম আহমদ অপুকে গ্রেফতার করে। এসময় মেয়েকে নিতে চাইলে সে পুলিশের সাথে যেতে অস্বীকৃতি জানায় এবং নিজে অপহরন হয়নি বলেও পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করে। এক পর্যায়ে পুলিশ তানিম আহমদ অপুকে গ্রেফতার করে নিয়ে যায়।

এ ব্যাপারে তানিম আহমদ অপুর বাবা তোতা মিয়া বলেন, ছেলে মেয়ে দুজন প্রাপ্তবয়স্ক। তারা ভালবেসে বিয়ে করেছে আমরা তাদের সম্পর্ক মেনে নিয়েছি। মেয়ের বাবাকেও সম্পর্ক মেনে নেয়ার অনুরোধ জানিয়েছি। কিন্তু তারা আমার ছেলেকে মারধর করেছে এমনকি মিথ্যা মামলা দিয়ে আমার ছেলেকে গ্রেফতার করিয়েছে। আমরা আইনীভাবে তাকে মুক্ত করবো। আমার পুত্রবধু আদালতে স্বাক্ষী দিতে রাজী আছেন।

এ বিষয়ে মেয়ের বাবা লিলু মিয়া বলেন, আমার মেয়েকে ভয়ভীতি প্রদর্শন করে ও ফুসলিয়ে অপহরন করে বিয়ের নাটক সাজিয়েছে। মেয়েকে আমাদের হাতে তুলে দিলে সে সব স্বীকার করবে।

এব্যাপারে এসএমপির কোতোয়ালী থানার ওসি মোঃ জিয়াউল হক বলেন, অপহরন মামলায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি এটা প্রেমঘটিত বিষয়। এরপরও আইনের আলোকে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালত এর ন্যায়বিচার নিশ্চিত করবেন।

সংবাদটি শেয়ার করুন