• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নগরীর উপশহরে যুবকের উপর হেফাজত কর্মীদের হামলা

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৩
নগরীর উপশহরে যুবকের উপর হেফাজত কর্মীদের হামলা

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর উপশহরে হেফাজতে ইসলামীর কর্মীদের হামলায় আহত হয়েছেন এক যুবক। আহতের নাম ইসমাইল আহমেদ চৌধুরী। তিনি নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার ১৩৬ নং বাসার বাসিন্দা মো: মুজিবুর রহমান চৌধুরীর পুত্র। ফাজ মার্কেটিং কোম্পানীতে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতেন তিনি। গতকাল দুপুর ১২টার দিকে ফাজ মার্কেটিং কোম্পানীর সামনে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি ইসমাইল আহমেদ চৌধুরীকে ফাজ মার্কেটিং কোম্পানী থেকে অব্যাহতি দেয়া হয়। গতকাল তিনি তার কিছু জরুরী ফাইল সংগ্রহের জন্য অফিসে যান। বেলা ১২টার দিকে অফিসের সামনে এক সহকর্মীর সাথে কথা বলছিলেন। তখন হেফাজতে ইসলামীর কয়েকজন কর্মী তার উপর হামলা চালায়। এসময় তারা ইসমাইলকে কাফির, মুরতাদ বলে গালি দেয় এবং বেধড়ক কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে হেফাজত কর্মীরা হুমকি ধামকি দিয়ে চলে যায়। হামলায় আহত হন ইসমাইল আহমেদ চৌধুরী। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।
আহত ইসমাইল আহমেদ চৌধুরী অভিযোগ করেন, ফাজ মার্কেটিং কোম্পানীর আইটি ম্যানেজার তামিজ উদ্দিন মিথ্যে অভিযোগ এনে তাকে চাকুরী থেকে অব্যাহতি দেন। নির্যাতিত সহকর্মী হিন্দু নারী ঈশা দুগগলের উপর অন্যায়ের প্রতিবাদ করায় তামিজ উদ্দিন বিষয়টাকে সাম্প্রদায়িতক ইস্যু বানিয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করছেন। তার নির্দেশে হেফাজতে ইসলামীর কর্মীরা এ হামলা চালায়।
এ বিষয়ে তামিজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইসমাইল আহমেদ চৌধুরী একজন ধার্মিক মুসলমান এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অসচ্চরিত্র একটি হিন্দু মেয়ের পক্ষ নিয়েছে। তাকে নিজ বাড়িতে নিয়ে অনৈতিক কাজ করছে। ইসলামী বিধান অনুযায়ী তাকে ফাসি দেয়া উচিত।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘উপশহরে সংঘর্ষের খবর শুনে পুলিশের একটি টিম পাঠানো হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি সাম্প্রদায়িক বলে আমরা জানতে পেরেছি। তাই পুলিশকে বুঝে শুনে পদক্ষেপ নিতে হচ্ছে। এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দেখা যাবে।’

সংবাদটি শেয়ার করুন