• ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৩
বিশ্বনাথে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বিকেল ৪টার দিকে বিশ্বনাথ উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষ হয়। রাতে পুলিশ বাদী হয়ে বিশ্বনাথ থানায় বিএনপির ২১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫/২০ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছে। মামলার আসামীরা সবাই সিলেট জেলার বাসিন্দা। আসামীরা হলেন- বিশ্বনাথ থানার টিলুপাড়া দশঘর গ্রামের ফজর আলীর পুত্র কামাল হোসেন, বিশ্বনাথ থানার কোনারাই গ্রামের রজব আলীর পুত্র শাহ আলম, বিশ্বনাথ থানার রামকৃষ্ণপুর গ্রামের মো: খোয়াজ আলীর পুত্র মো: আব্দুল আলী, একই থানার আকবর আলীর পুত্র মৌরশ আলী, তলবপুর গ্রামের আহমদ আলীর পুত্র সানোয়ার, রাজাপুর গ্রামের সিরাজুল ইসলাম চৌধুরীর পুত্র মাহমদ হোসেন চৌধুরী, টিল্লাপাড়া গ্রামের ফজর আলীর পুত্র আমির হোসেন, বেতসান্ধি গ্রামের সৈয়দ আলীর পুত্র আঙ্গুর আলী, একই গ্রামের মৃত ইছবর আলীর পুত্র লুৎফুর রহমান, বন্ধুয়া গ্রামের আকলিছ আলীর পুত্র মোঃ সামাদ মিয়া, শিমুলতলা গ্রামের সফর আলীর পুত্র জালাল উদ্দিন, আক্রম আলী, জানাইয়া গ্রামের মৃত হারিছ আলীর পুত্র আক্রম আলী, বড়তলা গ্রামের মৃত হাজী মুসলিম আলীর পুত্র নাজমুল ইসলাম রুহেল, একই গ্রামের মৃত সাহিদ আলীর পুত্র আনোয়ার হোসেন, ওসমানীনগর থানার দয়ামীর চক আতাউল্লা গ্রামের মোঃ ইন্তাজ আলীর পুত্র মোঃ আলা উদ্দিন, বিশ্বনাথ থানার আব্দুল হান্নানের পুত্র মোজাহিদ আলী, রামধানা গ্রামের আং গফুরের পুত্র আং সালাম, কামালপুর গ্রামের মজিফ আলীর পুত্র আং কুদ্দুস, ইলামের গাঁও গ্রামের মৃত মোহাম্মদ ফরিদ আলীর পুত্র মোহাম্মদ আব্দুল কাইয়ূম ও পুরান সিরাজপুর গ্রামের মোঃ আফিজ আলীর পুত্র এনাম হোসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির চলমান সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসাবে গতকাল বিকাল ৪টার দিকে বিশ্বনাথ বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রতিবাদ সভা শেষে নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনের রাস্তা অবরোধ করে সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে এসে নেতাকর্মীদের ধাওয়া করলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ শর্টগানের ১২ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
রাতে এস.আই. মুবাশ্বির আলী বাদী হয়ে বিএনপির ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামী করে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২১, তারিখ: ২৫/০৯/২০২৩ ইং।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক লিলু মিয়া দুঃখ প্রকাশ করে বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে বিনা উস্কানিতে পুলিশ হামলা চালায়। এতে বিএনপির কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এখন মামলা দিয়ে নেতাকর্মীদের ঘরছাড়া করছে। ঘটনার খবরই জানে না এমন নেতাকর্মীকেও আসামী করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আজ্ঞাবহ পুলিশের এমন কর্মকান্ডে তারা হতাশ। সময়মতো এর উপযুক্ত জবাব দেয়া হবে।
এদিকে মামলার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বিএনপির উশৃঙ্খল নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে জনমনে আতংক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের উপর হামলা চালায়। এখনও কাউকে আটক করা যায়নি। তবে আসামীদের ধরতে সম্ভাব্য স্থানসমূহে পুলিশ অভিযান চালাচ্ছে। নিরাপত্তা বিধানে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন