• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাকা-১০ আসনে মনোনয়ন পেলেন নায়ক ফেরদৌস

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৩
ঢাকা-১০ আসনে মনোনয়ন পেলেন নায়ক ফেরদৌস

যুগভেরী ডেস্ক ::: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু করেন তিনি। ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশুনা করেছেন। তবে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ‘বুকের ভেতর আগুন’ ছবির জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাড়ান ফেরদৌস। ১৯৯৭ সালে ছবিটি পরিচালনা করেন ছটকু আহমেদ। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী ‘আমারে চায় না’ ছবির মধ্য দিয়ে। একই বছর ফেরদৌস ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে। এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর থেকে তিনি একাধারে বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে অভিনয় করছেন। এছাড়া ‘মিট্টি’ নামে একটি বলিউড ছবিতেও তাকে দেখা গেছে। ফেরদৌস তার ক্যারিয়ারে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। |প্রযোজনায়ও নাম লিখিয়েছেন এই নায়ক। ২০১২ সালে ‘হঠাৎ সেদিন’ এবং ২০১৪ সালে ‘এক কাপ চা’ সিনেমা দুটি তিনি প্রযোজনা করেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী তানিয়া আহমেদ এবং দুই সন্তান ছেলে নুজহাত ফেলদৌস ও মেয়ে নুজরান ফেরদৌসকে নিয়ে নায়ক ফেরদৌস আহমেদের সংসার। তার স্ত্রী পেশায় বিমানের একজন পাইলট। ২০০৩ সালের ৯ ডিসেম্বর তারা বিয়ে করেন। উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন