
স্টাফ রিপোর্টার : গত শনিবার সিলেট নগরীর কাজিরবাজারে আরশ আলী ট্রেডার্স নামক দোকানে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন দোকানের সত্বাধিকারী মোহাম্মদ মতিউর রহমান। তার পায়ে ও মাথায় ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা দোকানে লুটপাট চালায়। বিকেলে ৪টার দিকে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। রাতে দোকানের ম্যানেজারকে খুন করে গাছে সাথে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি শনিবার বিকেলে রাজনৈতিক মতবিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে নগরীর কাজিরবাজারে আরশ আলী ট্রেডার্সে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ মতিউর রহমানকে ব্যাপক মারধর করে। তখন তার ম্যানেজার মোঃ ইকবাল হোসেন তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে। পরে সন্ত্রাসীরা দোকানের ক্যাশ থেকে ২ লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় মোহাম্মদ মতিউর রহমান চিৎকার করলে সন্ত্রাসীরা তাকে হকিস্টিক দিয়ে বেধড়ক পেটাতে থাকে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এসময় ম্যানেজার সন্ত্রাসীদের গালিগালাজ করলে সন্ত্রাসীরা অস্ত্র উচিয়ে ম্যানেজারকে প্রাণে হত্যার ধামকি দেয়। তাদের চিৎকার শুনে প্রতিবেশীর এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়।
পরে স্থানীয় লোকজন ও ম্যানেজার ইকবাল হোসেন গুরুতর আহত মোহাম্মদ মতিউর রহমানকে উদ্ধার করে নগরীর নয়াসড়কে মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশংকাজনক। ডাক্তার জানিয়েছেন তার হাতে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে। এ বিষয়ে ম্যানেজার মোঃ ইকবাল হোসেন থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাকে ফিরিয়ে দেয়। পরে রাত ৮টার দিকে তাকে ফোন দিয়ে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা। তার পর তিনি আর বাড়িতে ফিরেননি। গতকাল ৪ ফেব্রুয়ারি রোববার সকালে ইকবাল হোসেনের পিতা রাস্তার পাশে গাছের সাথে তার ছেলের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।
এ বিষয়ে মোহাম্মদ মতিউর রহমানের পরিবার থেকে অভিযোগ করা হয়, সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে। ঘটনার স্বাক্ষী দোকানের ম্যানেজার। তাই তাকে খুন করেছে সন্ত্রাসীরা। মোহাম্মদ মতিউর রহমান সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী। তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাজিবাড়ি (হিলু) গ্রামের মোহাম্মদ সোনাহর আলীর পুত্র।। তবে তিনি বর্তমানে সিলেট নগরীর মির্জাজাঙ্গালের তালতলা রোডের স্বপ্নীল-৫৪ নং বাসায় পরিবারসহ বসবাস করেন। তিনি নগরীর শেখঘাট পয়েন্টে ২৩/এ রাজিবাড়ি কমপ্লেক্স ও কাজিরবাজারে মেসার্স আরশ আলী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী। সন্ত্রাসীরা সরকারদলীয় লোক। নগরীর সোবহানীঘাট ও ভাতালিতে তার দুইটি বাসা সন্ত্রাসীরা জোরপূর্বক দখল করে রেখেছে। পুলিশ কমিশনার ও পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। তাই বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। মোঃ মতিউর রহমানকে প্রাণে হত্যার হুমকি ধামকি দিয়ে আসছে তারা। এখন মতিউর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা দখলে মরিয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। যে কোন সময় তারা মতিউর রহমানকে হত্যা করতে পারে বলে আশংকার প্রকাশ করা হয় তার পরিবার থেকে। দোকান ম্যানেজার মোঃ ইকবাল হোসেনকে খুন করে তারা তাদের শক্তির প্রমাণ দিয়েছে।
মোঃ ইকবাল হোসেনের পরিবারে চলছে শোকের মাতম। শোকাহত পিতা তার পুত্রের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। তিনি আরও জানান, এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে থানা কর্তৃপক্ষ অপমৃত্যু মামলা হবে বলে জানায়। স্বাক্ষ্য প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা যাবে না বলে জানায় তারা।
এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মোঃ ইকবাল হোসেন নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।