• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গৃহকর্মী প্রীতির মৃত্যু : ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের শাস্তির দাবিতে মানববন্ধন

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৪
গৃহকর্মী প্রীতির মৃত্যু : ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের শাস্তির দাবিতে মানববন্ধন

যুগভেরী ডেস্ক ::: ঢাকার মোহাম্মদপুরে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় নিহত কিশোরী গৃহকর্মী প্রীতি উরাং এর খুনিদের শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নিহত প্রীতির নিজ এলাকায় মিরতিংগা চা বাগানে সকল শ্রমিক ও জনপ্রতিনিধিবৃন্দর ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।  মানববন্ধনে নানা স্লোগানে প্রীতির মৃত্যুর জন্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুলকে দায়ী করে তার শাস্তি দাবি করা হয়। এই দাবিতে স্লোগান দেন অর্ধ সহস্রাধিক চা শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ।  মানববন্ধনে স্থানীয় চা বাগানের প্রাথমিক চিকিৎসক সঞ্জয় বাউরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মিরতিংগা চা বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক, আওয়ামীলীগ নেতা সুরুত্যান কান্তি বৈদ্য প্রমুখ।মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে চা বাগানের শ্রমিকরা অংশগ্রহনের পাশাপাশি স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি এবং চা শ্রমিক নেতৃবৃন্দসহ প্রায় ৫ শতাধিক চা শ্রমিক অংশ নেয়।  বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরি বলেন, প্রীতি উরাংয়ের মৃত্যুটি আসলেই দুঃখজনক। প্রীতি যে ঢাকায় কাজ করতে গেছে, সেটা বাগানের কেউই জানে না। আমি প্রীতি হত্যায় জড়িতদের তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।  গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার মোহাম্মদপুরে ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার ভবন থেকে পড়ে মৃত্যু ঘটে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের। এ ঘটনায় বুধবার সকালে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন প্রীতির বাবা লোকেশ উরাং। মামলায় সাংবাদিক আশফাকুল ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করুন