• ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বড়লেখায় প্রবাসী ছাত্রশিবির নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী : ভাংচুর

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১১, ২০২৪
বড়লেখায় প্রবাসী ছাত্রশিবির নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী : ভাংচুর

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসী সাবেক এক ছাত্রশিবির নেতার বাড়ীতে পুলিশী তল্লাশীর নামে ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সফরপুর গ্রামের বদরুল ইসলামের পুত্র সাবেক ছাত্রশিবির নেতা নাজমুল ইসলামের বাড়ীতে পুলিশী তল্লাশী চালায় পুলিশ। এসময় তল্লাশীর নামে পুলিশ কর্তৃক বাসার আসবাবপত্র তছনছ-ভাংচুর ও পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার সফরপুর গ্রামের সাবেক ছাত্রশিবির নেতা কয়েক বছর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাসী আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে নানা আপত্তিকর পোষ্ট করে আসছেন।

এদিকে সরকারবিরোধী অপপ্রচারের ঘটনায় বিতর্কিত ইউটিউবার পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারী সিলেটের সাইবার ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান।

ট্রাইব্যুনাল’র বিচারক (জেলা জজ) মো: মনির কামাল মামলাটি আমলে নিয়ে আগামী ১ এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সিআইডি সিলেট জোনকে নির্দেশ দেন। পিনাকী ভট্টাচার্য ছাড়াও মামলার ২নং আসামী করা হয় নাজমুল ইসলামকে।

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও এডিট করে ব্যঙ্গাত্মক করে কটুক্তিমূলকভাবে ফেসবুকে প্রচার ও ভাইরাল করার প্রতিবাদে এবং আইনি প্রতিকার দাবিতে এ মামলা করা হয়। সাইবার ট্রাইব্যুনাল সিলেটের সেরেস্তা বিভাগ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছে। বাদির পক্ষে মামলা পরিচালনা করেন সিলেটের এডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও জেলা বারের আইনজীবি টিপু রঞ্জন দাশ।

এ ব্যাপারে বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, নাজমুল ইসলাম একজন দেশদ্রোহী। সে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা হয়েছে। তাই পুলিশ তদন্ত করতে ঐ বাড়ীতে গিয়েছিল। বাসার আসবাবপত্র তছনছ ও পরিবারের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগটি নয়।

সংবাদটি শেয়ার করুন