ওসমানীনগরে যুবলীগ সন্ত্রাসী মবরুরের ত্রাসের রাজত্ব

Daily Jugabheri
প্রকাশিত April 7, 2024
ওসমানীনগরে যুবলীগ সন্ত্রাসী মবরুরের ত্রাসের রাজত্ব

যুগভেরী ডেস্ক ::: সিলেটের ওসমানীনগরে চলছে যুবলীগ সন্ত্রাসী আব্দুল বাসিত মবরুর ত্রাসের রাজত্ব। তার চাঁদাবাজী ও দখল বাণিজ্যের কাছে অসহায় হয়ে পড়েছেন এলাকাবাসী। থানাপুলিশ তার বিরুদ্ধে মামলাতো নেয়ইনা, উল্টো পুলিশ প্রশাসনের সহযোগীতা ও উপজেলা আওয়ামী লীগ নেতাদের প্রশ্রয়ে তিনি একের পর এক দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

ওসমানীনগরের জালালপুর এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে আব্দুল মুকিত (৩০) জানান, তার ছোট্টো একটি দোকান ছিল জালালপুর বাজারে। এই দোকানটিই ছিল তার পরিবারের আয়ের একমাত্র উৎস। অথচ সম্প্রতি দোকানটি দখল করে নিয়েছেন মবরুর। জাল কাগজপত্র তৈরি করে প্রশাসনের সহযোগীতায় তার এই অপকর্মের ফিরিস্থি নিয়ে সম্প্রতি সিলেটের দুটি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি। মুকিত সরকার ও প্রশাসনের সহযোগীতা চাইলেও  উল্টো এরপর থেকে তিনি নিখোঁজ। তার স্বজনদের ধারণা, হয়ত তাকে গুম করা হতে পারে।

ওসমানীনগর উপজেলার যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাসিব সম্প্রতি হোয়াটস অ্যাপে এই প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, তার বাড়ির পাশে বড় একটি ফিসারি করেছেন মবরুর। সেই ফিসারিতে হাসিবের অন্তত ৩০ শতক জমি জোরপূর্বক অন্তর্ভুক্ত করে নিয়েছেন তিনি। থানাপুলিশের কাছে অভিযোগ করে কোনো লাভ হয়নি। এখন তার হুমকিতে তিনি নিজে দেশে ফিরতে অসহায় বোধ করছেন।

গত শনিবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে সিলেট মহানগরীর হুমায়ুন রশিদ চত্ত্বর এলাকায় সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়েছেন ওসমানীনগরের মোবারকপুর গ্রামের মাওলানা আব্দুল মালিকের ছেলে হাফিজ আব্দুল হক মওদুদ নামের এক যুবক। তাকে মুমুর্ষ অবস্থায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর মওদুদ থানায় মামলা করতে গেলেও মবরুরের নাম শুনে তারা দমে যায়।

এ ব্যাপারে খোঁজ-খবর নিতে গেলে বেরিয়ে আসে দখলবাজির আরেক করুন কাহিনী। জালালপুর বাজারে মওদুদ নামে তার এক চাচাত ভাইয়ের মুদি দোকান এম/এস বিসমিল্লাহ স্টোর ও একটি মার্কেট সম্প্রতি দখল করে নিয়েছেন মবরুর।

এ ব্যাপারে থানায় অভিযোগ করতে গেলে তারা আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়। তিনি বৃহস্পতিবার আদালতে মামলা দায়েরের বিষয়ে উকিলের সঙ্গে পরামর্শের জন্য গিয়েছিলেন সিলেট শহরে। বাড়ি ফেরার পথে হুমায়ুন রশিদ চত্ত্বরে তার উপর হামলা হয়। এরপর থেকে জীবন বাঁচাতে মওদুদ আত্মগোপনে।

তার ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, তিনি এখন অন্য জেলায় আত্মগোপন করে মানবেতর জীবন যাপন করছেন। তার স্ত্রী সন্তানদের নিয়ে কখনো নিজের বাবার বাড়িতে, কখনো বা ভাইয়ের বাসায় পালিয়ে বেড়াচ্ছেন।

শুধু এমন দখলবাজিই নয়, মবরুর নিয়মিত বিভিন্ন চাঁদাবাজির সঙ্গেও জড়িত। জানা গেছে, ওসমানীনগর উপজেলার জালালপুরসহ আশপাশ ইউনিয়নে যত সরকারি কাজ হচ্ছে, সেসব কাজের ঠিকাদাররা মবরুর ও তার বাহিনীকে আগে ১০ পারসেন্ট চাঁদা দিয়ে তারপর কাজে হাত দিতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, আমিতো ছোটোখাটো ঠিকাদার। আমার চেয়েও অনেক বড় বড় ঠিকাদারকেও মবরুরের পকেটে আগে টাকা দিয়ে তারপর কাজে নামতে হয়। তিনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরীর ঘনিষ্ঠ লোক। বুঝতেইতো পারছেন।

বিষয়টি নিয়ে জানতে টানা ৩/৪ দিন মবরুরের মোবাইলে কল দিলেও তিনি তা রিসিভ করেন নি। তবে হোয়াটস অ্যাপে ম্যাসেজ দিয়ে চাঁদা ও দখলবাজীর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন ।

আর ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সব ভুয়া অভিযোগ। প্রতিপক্ষের রটানো। মবরুর কেন, কোনো আওয়ামী লীগ নেতাকর্মী চাঁদা বা দখলবাজীর সঙ্গে জড়িত থাকতে পারেন না। কেউ প্রমাণ করতে পারলে  অবশ্যই তাকে বহিস্কার করে আইনের হাতে তুলে দেওয়া হবে।

মামলা নেওয়া না নেওয়া সম্পর্কে জানতে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, মওদুদ অভিযোগ নিয়ে এসেছিলেন। তাদের পারিবারিক বিরোধ ছিল।

আর তার দখলবাজী ও চাঁদাবাজীর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, নাহ। এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। কেউ অভিযোগ দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন