জকিগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম চৌধুরীর বাড়িতে ভাঙচুরসহ অগ্নিসংযোগ : বিপুল ক্ষয়ক্ষতি

Daily Jugabheri
প্রকাশিত August 6, 2024
জকিগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম চৌধুরীর বাড়িতে ভাঙচুরসহ অগ্নিসংযোগ : বিপুল ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ থেকে :  জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম চৌধুরীর বসতবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ব্যাপক হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পর উপজেলার আওয়ামী লীগ ও অংগ সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীর বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল ধরণের স্থাপনায় ব্যাপক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করা হয়। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জের এওলাসারস্থ আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম চৌধুরীর বসতবাড়িতে গতকাল ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যানারে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর করেও ক্ষান্ত হয়নি। বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের এই প্রবীণ নেতার বসতবাড়িটিও জ্বালিয়ে ছারখার করে দেয়। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা গতকাল বিকাল অনুমান ৫ ঘটিকায় ১৫/২০টি মোটর সাইকেলযোগে এওলাসারস্থ আব্দুল হালিম চৌধুরীর বাড়িতে গিয়ে তাকে ও তার পুত্র ইউনিয়ন যুবলীগ নেতা ফয়েজুর রহমান চৌধুরীকে খুঁজতে থাকে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাদেরকে না পেয়ে তাদের বসতবাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুরসহ তান্ডব চালায়। শুধু তাই নয়, বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঘরের মূল্যবান জিনিসপত্র ভাঙচুরের সঙ্গে সঙ্গে লুটপাটও করে নিয়ে যায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা প্রবীণ এই আওয়ামী লীগ নেতার বসতঘরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতার ভয়ে আগুন নিয়ন্ত্রণে কেউ এগিয়ে আসার সাহস পাননি। আগুনের লেলিহান শিখা মুহূর্তে বাড়ির চারপার্শ্বে ছড়িয়ে পড়ে।  উল্লেখ্য আওয়ামী লীগের এই প্রবীণ নেতার পরিবারের সকলেই রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে দুর্বৃত্তরা এই বর্বরোচিত তান্ডব চালায়। এলাকায় চরম আতংক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন