• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ছাতকের বিশারদপুর গ্রামে আনা মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৭, ২০২৪
ছাতকের বিশারদপুর গ্রামে আনা মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর

ভাংচুর করা বাড়ির একটি কক্ষ।


ছাতক প্রতিনিধি : ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বিশারদপুর গ্রামে আনা মিয়ার বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতা-কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্ররা। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আনা মিয়ার পরিবার আওয়ামীলীগের রাজীনতিতে সম্পৃক্ত রয়েছেন। আনা মিয়ার পুত্র মোঃ শাহরিয়ার হোসেন শিমুল সিলেট সদর উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এবং তার বোন লিমা বেগম সিলেট সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। লিমা বর্তমানে প্রবাসে রয়েছেন। ৫ আগস্ট কোটা ইস্যুতে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতনের পর বিএনপি-জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগ করেছে।
আমাদের ছাতক প্রতিনিধি জানান, উপজেলা জুড়ে রাজনৈতিক সহিংসতায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। যাদেরকে পাওয়া যাচ্ছে তারাই হামলার শিকার হচ্ছেন। বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্ররা মিছিল নিয়ে বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে ভাংচুর করছে। গতকাল ৬ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে হামলাকারীরা লাঠিসোটা নিয়ে বিশারদপুর গ্রামের আনা মিয়ার বাড়ির গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তখন উশৃঙ্খল নেতাকর্মীরা বাড়িতে ব্যাপক ভাংচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। এসব হামলায় গত ২ দিনে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীসহ প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আনা মিয়ার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা লিমা বেগম ও তার ভাই শিমুলকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করেছে। এছাড়াও তারা বাড়িতে ব্যাপক ভাংচুর করেছে।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ৫ আগস্ট বিকেল থেকে উপজেলা জুড়ে রাজনৈতিক সহিংসতা ব্যাপক আকারে ধারন করেছে। থানায় জনবল সংকট রয়েছে। তবুও সহিংসতার খবর পেয়ে বিভিন্ন স্থানে পুলিশ পাঠানো হচ্ছে। কাউকে আটক করা যাচ্ছে না। দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে পুলিশ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তবুও প্রত্যেকটি ঘটনা পুলিশ তদন্ত করে দেখবে।

সংবাদটি শেয়ার করুন