
দক্ষিণ সুরমা প্রতিনিধি :::
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মাহমুদ মুহিন হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন, ৬ আগস্ট এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, রাজনৈতিক বিরোধের কারণে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সৃষ্ট পরিস্থিতিতে নিরাপত্তার আশঙ্কায় আত্মগোপনে যাওয়ার চেষ্টা করছিলেন ছাত্রলীগ নেতা আল মাহমুদ মুহিন। পরদিন ৬ আগস্ট পালিয়ে যাওয়ার পথে স্থানীয় বিএনপি ও জামায়াত-সমর্থিত নেতাকর্মীদের মুখোমুখি হন তিনি। একপর্যায়ে তাঁকে ঘিরে ধরে হামলা চালানো হয় বলে জানা গেছে।
হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে মুহিনের মাথা, বুক, হাত ও কাঁধে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। হামলাকারীদের হাত থেকে বাঁচতে একপর্যায়ে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
এ হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।