দক্ষিণ সুরমার চান্দাই তেলিপাড়া গ্রামে পুলিশের বাড়িতে হামলা

Daily Jugabheri
প্রকাশিত August 8, 2024
দক্ষিণ সুরমার চান্দাই তেলিপাড়া গ্রামে পুলিশের বাড়িতে হামলা

স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার চান্দাই তেলিপাড়া গ্রামে পুলিশ সদস্য মো: রাব্বি মিয়ার বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রদল-যুবদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গতকাল ৭ আগস্ট দুপুর ১টার দিকে সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো: ইয়াসিন আহমদ ফাহিমের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীর পরিবারের সদস্যরা। হামলায় আহত হয়েছেন মো: রাব্বি মিয়ার ভাই রাহি আহমদ। মো: রাব্বি মিয়া হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। আওয়ামীলীগ সরকার পতনের পর বিভিন্ন থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে।
আমাদের দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর উপজেলা জুড়ে সহিংসতায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ এবং আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। যাদেরকে পাওয়া যাচ্ছে তারাই হামলার শিকার হচ্ছেন। আওয়ামীবিরোধী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল সহকারে শহরের বিভিন্ন বাড়ি, প্রতিষ্ঠানে ও থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করছে। গতকাল দুপুর ১টার দিকে দক্ষিণ সুরমার চান্দাই তেলিপাড়া গ্রামে পুলিশ সদস্য মো: রাব্বি মিয়ার বাড়ির গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে হামলাকারীরা। তখন উশৃঙ্খল নেতাকর্মীরা বাড়িতে ব্যাপক ভাংচুর করে এবং রাব্বি মিয়ার ভাই রাহি আহমদকে বেধড়ক মারধর করে। এতে আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ নিয়ে গত ২ দিনে পুলিশসহ আওয়ামীলীগের প্রায় ২৫ জন নেতাকর্মী হামলায় আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মো: রাব্বি মিয়ার পিতা মো: মানিক মিয়া অভিযোগ করেছেন, রাব্বি মিয়ার সাথে পূর্ব শত্রুতার জের ধরে সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো: ইয়াসিন আহমদ ফাহিমের নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলাকারীরা রাব্বি মিয়াকে না পেয়ে তার আরেক পুত্র রাহি আহমদকে কোন কারণ ছাড়াই অত্যন্ত অমানুষিক ভাবে মারধর করেছে। এছাড়াও তারা বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলা জুড়ে সহিংসতা ব্যাপক আকারে ধারন করেছে। ৫ আগষ্টের পূর্বে দায়িত্বরত পুলিশ সদস্যরা হামলার ভয়ে পালিয়েছেন। বর্তমানে থানায় জনবলের চরম সংকট রয়েছে। বিভিন্ন স্থানে সহিংসতার খবর পেয়ে পুলিশ পাঠানো সম্ভব হচ্ছে না। দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে এবং পুলিশের সংখ্যা বৃদ্ধি না করলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন