• ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

মোগলাবাজারের সিলাম পশ্চিমপাড়ায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদকের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪
মোগলাবাজারের সিলাম পশ্চিমপাড়ায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদকের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিনিধি:
গতকাল মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের সিলাম পশ্চিমপাড়ায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদের বাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হামলা ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল দুপুর অনুমান ২ টার দিকে একই গ্রামের প্রভাবশালী নেতা সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহছান রাব্বি ও সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জসিম উদ্দিন, আকরাম মিয়া ও সিতেন কুমারসহ আরো ১০/১৫ জন লোক ওমর ফারুক ফরহাদের বাড়ীতে প্রবেশ করে তাকে দেশদ্রোহী এবং ফ্যাসিস্ট সরকারের দোসর বলে অভিহিত করে গালিগালাজ করে ও খোঁজতে থাকে। ওমর ফারুক ফরহাদ মৃত আনোয়ার হোসেনের পুত্র। এ সময় পরিবারের লোকজনকে উপস্থিত পেয়ে তারা বলে যে, ওমর ফারুক ফরহাদ কোথায়। সে বর্তমানে লন্ডনে আছে বলে পরিবারের লোকজন জানায়। এ কথা শুনে হামলাকারীরা উত্তেজিত হয়ে হামলাকারীরা পরিবারের লোকজনকে মারধর করে এবং ঘরের দরজা-জানালাসহ আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে বাড়ীতে অগ্নিসংযোগ করে এবং যাওয়ার সময় তারা ওমর ফারুক ফরহাদকে তাদের কাছে তুলে না দিলে পরিবারের সকলকে প্রাণে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। ওমর ফারুক ফরহাদের বাড়ির লোকজনের সাথে আলাপকালে তারা জানান, ওমর ফারুক ফরহাদ বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রবাস থেকে জনমত গঠন করেন, এ কারণে হামলাকারীরা তাকে প্রাণে হত্যা করার জন্য বেশ কিছুদিন যাবত তৎপর রয়েছে। কিন্তু তাকে না পাওয়ায় সন্ত্রাসীরা তার বাড়ীতে হামলা করে এবং অগ্নিসংযোগ করে। থানায় পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় পরিবারের লোকজন এ ঘটনার ব্যাপারে আইনি সহায়তা পান নাই।
পরিবারের লোকজন এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক ফরহাদ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই বিএনপি-জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তার বাড়ীতে হামলা ও অগ্নিসংযোগ করে। এ ব্যাপারে স্থানীয় বিএনপি-জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার জন্য বারবার চেষ্টা করেও আমাদের প্রতিনিধি ব্যর্থ হন। থানায় পুলিশের কার্যক্রম না থাকায় তারা লিখিত অভিযোগ দিতে পারছেন না বলে ওমর ফারুক ফরহাদের পরিবারের লোকজন আমাদের প্রতিনিধিকে বলেন।

প্রকাশের তারিখ: ০৯/০৮/২০২৪ইং (অনলাইন/প্রিন্ট)

সংবাদটি শেয়ার করুন