• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির নেতা মিনহাজকে সপরিবারে হত্যার হুমকি

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ১০, ২০২৪
যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির নেতা মিনহাজকে সপরিবারে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক : 

ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট ২০২৪ সিলেটে যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির নেতা আজিজুর রহমান মিনহাজের ছোট ভাই মোঃ মোস্তাফিজুর রহমান নিয়াজ (১৫) -এর ওপর আওয়ামী লীগ সন্ত্রাসী এবং পুলিশ কর্তৃক নৃশংস হত্যা চেষ্টা চালানো হয়। ওই দিন নিয়াজের ওপর অতর্কিত হামলা ও গুলি চালানো হয়। এতে তার দুই চোখ, বাম হাতের নার্ভ, সামনে চারটা দাঁত এবং ফুসফুসের অনেক কাছে গুলি ঢুকে। এদিন গুরুতর আহত অবস্থায় নিয়াজকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকাস্থ কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে দুই দিন লাইফ সাপোর্টে ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান নিয়াজ।

আহত মোঃ মোস্তাফিজুর রহমান নিয়াজের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিয়াজের বুকের দুই পাশে করা হয় চেস্ট ড্রেইন। পাশাপাশি তার চোখের চিকিৎসাও চলছে ভিশন আই হাসপাতালে। বর্তমানে নিয়াজের বাম হাতে প্রতিদিন ফিজিওথেরাপি চলছে।

আজিজুর রহমান মিনহাজ ও তার ছোট ভাই মোঃ মোস্তাফিজুর রহমান নিয়াজ এর বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার ৩নং তেতলি ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে।

এর মধ্যে যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান মিনহাজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩ নং তেতলী ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। ছাত্র আন্দোলনের আগে আওয়ামী লীগের শাসনামলে আজিজুর রহমান মিনহাজ ও তার পরিবারের ওপর একাধিবার হামলা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হুমকির ঘটনায় এখনো মিনহাজের পরিবারে আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ গত ৩ জুলাই ২০২৪ মিনহাজের পরিবারকে আওয়ামী লীগের লোকজন হামলা ও হত্যার হুমকি দেয়।

মিনহাজের পরিবার এবং স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মিনহাজ বাংলাদেশে থাকাবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জামাতে ইসলামীর রাজনীতিতে যুক্ত ছিলেন। যুক্তরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে শিবির নেতা মিনহাজের সক্রিয় উপস্থিতি ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিপক্ষে অবস্থান নিয়ে সমালোচনামূলক অনেক পোস্ট করেন। এর জের ধরে গত ২৮ মে ২০২৪ ও ৩০ জুন ২০২৪ আওয়ামী লীগের লোকজন মিনহাজের বাড়িতে গিয়ে হামলা, ভাঙচুর এবং তার পরিবারের ওপর নির্যাতন চালায়।

জানতে চাইলে আজিজুর রহমান মিনহাজের বাবা প্রতিবেদককে বলেন, গত ৪ আগস্ট দক্ষিণ সুরমারস্থ বঙ্গবীর রোড লাউয়াই এলাকায় আমার ছোট ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান নিয়াজের (মিনহাজের ছোট ভাই) ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনী। এতে ক্ষতবিক্ষত হয়ে যায় তার পুরো শরীর। এরআগে বিভিন্ন সময় আওয়ামী লীগের লোকজন আমার বাড়িতে হামলা, ভাঙচুর চালায় এবং মামলা দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখায়। বিভিন্ন সময় আওয়ামী লীগের লোকজন আমদের হুমকি দেয় যে, লন্ডনে অবস্থানরত আমার বড় ছেলে আজিজুর রহমান মিনহাজ যেনো সামাজিক যোগাযোগ মাধ্য কোন লেখালেখি না করে।

মিনহাজের বাবা আরোও বলেন, ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্বে অর্থাৎ গত ৩ জুলাই ২০২৪ ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন হুমকি দিয়ে বলেছে, আমার ছেলে দেশে আসলে তার ওপর হামলা চালানো হবে এমনকি তাকে সহ আমাদেরও কুপিয়ে হত্যা করা হবে। আওয়ামী লীগ সরকার পতন হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিশোধ নেওয়ার অব্যাহত হুমকিতে আমি আমার ছেলে এবং পরিবারকে নিয়ে ভীষণ চিন্তিত আছি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা কোন ধরনের আইনি সহায়তা কিংবা নিরাপত্তা পাইনি।

সরেজমিনে এলাকায় গেলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ইমনের নেতৃত্বে একাধিকবার আজিজুর রহমান মিনহাজের বাড়িতে গিয়ে এ হত্যার হুমকি দেওয়া হয়। সরকার পতন হলেও এলাকায় তাদের প্রভাব বিস্তার এখনও আছে।

সংবাদটি শেয়ার করুন