সংখ্যালঘু হিন্দু যুবক অপু দাসের ওপর নৃশংস হামলা, গুরুতর আহত

Daily Jugabheri
প্রকাশিত August 16, 2024
সংখ্যালঘু হিন্দু যুবক অপু দাসের ওপর নৃশংস হামলা, গুরুতর আহত

সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার কাবাড়ীপাড়া গ্রামের বাসিন্দা ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্য অপু দাস (৩১), (পিতা: অনিল চন্দ্র দাস) গত ১৫ আগস্ট সকাল ৯ টায় মন্দির পরিদর্শনের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তায় তার উপর আক্রমন হয়।  বর্তমানে তিনি সিলেটের আয়শা মেডিকেয়ার পলি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধর্মীয় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অপু দাসের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ জমির আলী, ফারুক মিয়া ও তাদের সহযোগীদের বিরোধ চলছিল। অপু দাস স্থানীয় সংখ্যালঘু সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। পরিবার ও স্থানীয়দের দাবি, এ কারণেই তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হুমকি ও হয়রানির শিকার হয়ে আসছিলেন।

জানা যায়, গত ১৫ ই আগস্ট ২০২৪ তারিখে সকাল প্রায় ৯টার দিকে অপু দাস স্থানীয় মন্দির পরিদর্শনের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা মোহাম্মদ জমির আলী, ফারুক মিয়া ও তাদের ওজ্ঞাতনামা ৪/৫ জন সহযোগীরা তার গতিরোধ করে। এরপর দা লোহার রড, জিআই পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে এলোপাতাড়িভাবে আঘাত করতে থাকে। এতে তার ডান হাতে গভীর কাটা ও রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী কৃষ্ণ দাস, স্বপন ঘোষ ও ঝলক দাস জানান, হামলাকারীরা অত্যন্ত নির্মমভাবে অপু দাসকে মারধর করে। একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সিলেটের আয়শা মেডিকেয়ার পলি ক্লিনিকে ভর্তি করেন।

এ বিষয়ে অপু দাসের পিতা অনিল চন্দ্র দাস বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।“আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে উগ্রপন্থী মুসলিমরা এই হামলা করেছে। আমরা নিরীহ সংখ্যালঘু পরিবার। আমার সন্তানের ওপর এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার চাই। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তিনি সংস্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ঘটনার পর আইনগত পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হলেও সরকার পতনের কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম স্থবির হয়ে পড়ায় তিনি বা তার পরিবার কোন মামলা বা জিডিএন্ট্রি থানায় দায়ের করতে পারেন নি।

স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পাবে, এবং বহি: বিশ্বে বাংলাদেশের সুনাম বিনষ্ট হবে।

সংবাদটি শেয়ার করুন