
স্টাফ রিপোর্টার : ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৫ আগস্ট সিলেট নগরীর সুরমা টাওয়ার পয়েন্টের রাস্তায় ছাত্রজনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (১৯ আগস্ট) এসএমপির কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন নগরীর কেওয়াপাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের পুত্র পারভেজ খান জুয়েল। মামলায় ৩৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামীগণ হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ ওরফে ইউনিক শামীম, সাবেক সিলেট সদর উপজেলা চেয়ারম্যান সুজাত আলী রফিক, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা ড. আহমদ আল কবীর, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আওয়ামী লীগ নেতা তামিম আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিমাদ আহমদ রুবেল, মহানগর আওয়ামীলীগ নেতা ও সিসিকের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদ আহমদ, নর্থ ইষ্ট ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি তারেক আহমদ সোহাগ, ৩৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার জাহাঙ্গীর, ৩২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার রুহেল, খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফছর আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের চেয়ারম্যান শাহ অলিদুর রহমান, এমসি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, গোলাপগঞ্জের মুহাম্মদ হুছাইনুর রহমান, শাহপরান থানার মেজরটিলার যুবলীগ নেতা অপু, বালুচরের আওয়ামীলীগ নেতা মিসবাহুল ইসলাম সোহেল, ছাত্রলীগ ক্যাডার নাঈম উদ্দিন, আবু সাঈদ আমিন, গোলাপগঞ্জের যুবলীগ নেতা আবু বুরহান, শাহপরান থানার খাদিমপাড়ার শেখ নজরুল ইসলাম রেজওয়ান, আওয়ামীলীগ নেতা আশিক মিয়া, যুবলীগ নেতা বিশ^নাথের মোঃ আফজাল মিয়া, মোঃ রুহুল আমিন, মহানগর যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল খালিক লাভলু, গোলাপগঞ্জের আওয়ামীলীগ নেতা সালেহ আহমদ লুলু, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজ আহমদ, সিলেট মহানগর ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তানভির আহমদ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফরহাদ আহমদ, ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক সামছুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাকির হোসেন জুবেল ও ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ প্রকাশ সাগর। এছাড়া মামলায় অজ্ঞাত আসামি রয়েছেন ২০০/২৫০ জন।
বাদি অভিযোগে উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সুরমা টাওয়ারের সামনের রাস্তায় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় অভিযুক্তরা নিরস্ত্র ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্রসস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। আন্দোলনরত ছাত্র জনতার ওপর গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও কতেক অজ্ঞাত পুলিশ অফিসার হত্যাযজ্ঞ শুরু করে। ১০০/১৫০ ছাত্রজনতার ওপর তারা ঝাপিয়ে পড়ে। তখন উল্লেখিত আসামিদের কয়েকজন তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করে হত্যাযজ্ঞ চালায়। এক পর্যায়ে আসামীদের মারপিটের কারণে আমি নিজেসহ ৪০/৫০ জন আন্দোলনকারী আহত হই। তখন রাশেদ আহমদ নামে এক আন্দোলনকারী গুরুতর আহত হলে তাৎক্ষনিকভাবে তাকে নগরীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ৬ আগস্ট তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ১১ আগস্ট মারা যান রাশেদ। এরপর ময়নাতদন্ত শেষে হাসপাতাল কর্তৃপক্ষ রাশেদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন। এসব হত্যাযজ্ঞের বিচার দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতেই মামলা করতে বাধ্য হয়েছি।
এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, মামলাটি এফআইআর ভুক্ত করা হয়েছে। পুলিশ তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।