
নিজস্ব প্রতিবেদক ::::
সিলেট নগরীর গোয়াইপাড়ায় বাসায় হামলা চালিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা ও তাঁর স্ত্রী সুফিয়া বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় বিএনপির নেতাকর্মীসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর নিহত দম্পতির ছেলে সিলেট মহানগর ছাত্রলীগের ৫ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুনকাছির তাহমিন জারিফ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৪৭। মামলার আসামীরা হলেন-সিলেট নগরীর খাসদবীর এলাকার মৃত ইলিয়াছ মিয়ার ছেলে ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক হুমায়ূন আহমদ মাসুক, চৌকিদেখী এলাকার ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর চৌধুরী, পূর্ব চৌকিদেখী এলাকার মৃত ইসহাক আলীর ছেলে এয়ারপোর্ট থানা বিএনপির সভাপতি সাহেদ আহমদ চমন, ফাজিল চিশত এলাকার নাবিল রাজা চৌধুরী ওরফে মুরগি নাবিল, মহানগর বিএনপির প্রচার সম্পাদক শামিম মজুমদার, কমলা বাগান এলাকার মহানগর ছাত্রদলের সহসভাপতি চৌধুরী মো. সোহেল, তরঙ্গ এলাকার জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান রুবেল, খাসদবীর এলাকার মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি হেলাল আহমদ, খাসদবীর এলাকার বিএনপির সক্রিয় সদস্য রাসেল আহমদ খান, একই এলাকার মদন মোহন কলেজ ছাত্রদলের সহসভাপতি নয়ন, খাসদবীর এলাকার ওয়ার্ড যুবদলের সদস্য নাজির আহমদ, রংধনু এলাকার সুমন জালালী, কলবাখানী সাপ্লাই রোড এলাকার সাজন, বাদামবাগিচা এলাকার রুহেল আহমদ তালুকদার, সুবিদবাজার এলাকার ফখরুল ইসলাম শাহীন ওরফে বটলা শাহীন, মল্লিকা আবাসিক এলাকার আব্দুল্লাহ শফি সাহেদ ওরফে ডুম সাহেদ এবং কান্দিপাড়া এলাকার মাঈন উদ্দিন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে নগরীর গোয়াইপাড়া এলাকার চাশনিপীর রোডের মল্লিকা আবাসিক এলাকার ২১/বি নম্বর বাসায় হামলা চালায়। হামলাকারীরা বাসার গেট ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় আলাউদ্দিন আহমদ মুক্তা বাধা দিলে হামলাকারীরা তাঁকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। স্বামীকে রক্ষা করতে সুফিয়া বেগম এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। হামলায় গুরুতর আহত হন দম্পতি। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার আলাউদ্দিন আহমদ মুক্তাকে মৃত ঘোষণা করেন। সুফিয়া বেগমকে জরুরি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনিও মারা যান।
মুনকাছির তাহমিন জারিফ জানান, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরপরই রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে তার বাবা-মাকে হত্যা করেছে। ঘটনার পর নিরাপত্তাহীনতার কারণে তিনি আত্মগোপনে ছিলেন। ওই সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও থানা কার্যক্রম বন্ধ থাকার কারণে মামলা দায়ের করতে বিলম্ব হয় বলে তিনি জানান।
মামলার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান জানান, বিষয়টি তদন্তাধীন। এখনও কাউকে আটক করা হয়নি। তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনাননুগ ব্যবস্থা নেয়া হবে।