রাজনৈতিক পরিচয়ে বেপরোয়া স্থানীয় গ্যাং, ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর

Daily Jugabheri
প্রকাশিত September 15, 2024
রাজনৈতিক পরিচয়ে বেপরোয়া স্থানীয় গ্যাং, ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর

হবিগঞ্জ প্রতিনিধি :::
একদিকে রাজনৈতিক পরিচয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে স্থানীয় অপরাধ গ্যাং। অন্যদিকে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাবাসীর। অপরাধীরা যত বেশি সকিক্রয় হচ্ছে, জনমনে আতঙ্ক ততই বাড়ছে। জান-মালের নিরাপত্তার জন্য দ্রুতই অপরাধীদের ব্যাপারে কার্যত ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, নবীগঞ্জ উপজেলা যুব দল নেতা রায়েস চৌধুরীর নেতৃত্বে নবীগঞ্জ উপজেলায় গড়ে উঠেছে একাধিক অপরাধ গ্যাং। এই গ্যাংয়ের সদস্যরা প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন হাট-বাজার, সরকারি হাসপাতাল বা সরকারি বিভিন্ন দপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে রীতিমত চাঁদা কালেকশন করছে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে ও বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে বড় অঙ্কের চাঁদা আদায়সহ মাসিক মাসোহারাও ধার্য্য করে রেখেছে। তাদের চাহিদা মাফিক অর্থ/ চাঁদা প্রদান না করলে ওইসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। এসবের মদদে রয়েছেন খোদ সাংসদ রেজা কিবরিয়ার প্রাইভেট সেক্রেটারি (হবিগঞ্জ) আবুল কাশেম। তার দিক নির্দেশনায় ঘটে যাওয়া এসব অপকর্ম থেকে প্রাপ্ত অর্থের বড় একটি অংশ নিজের ভাগে রেখে দেন বলেও এলাকায় জনশ্রুতি রয়েছে।
স্থানীয়রা জানান, যুব দল নেতা রায়েসের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। তার গ্যাংয়ের সদস্যরা খুবই বেপরোয়া। বিশেষ করে ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় তার উত্থান ঘটেছে। সাংসদ রেজা কিবরিয়ার আস্থাভাজন হওয়ায় কেউ কোনো প্রতিবাদ করেনি। এখন সংসদ সদস্যের পিএস কাশেমের ছত্রছায়ায় এলাকা যাচ্ছেতাই করে বেড়াচ্ছে। জমি, বাসাবাড়ি ও দোকান কোঠা দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য, নিয়োগ ও বদলি তদবির এমন কোনো অপরাধ নাই যে, সে করনি। এতসবের পরও শুধু কাশেমের জন্য সে আজ পর্যন্ত কোনো মামলায় আসামি পর্যন্ত হয়নি। কারণ, কেউ অভিযোগ করলেই কাশেম সরাসরি তদবির করে সেটি বাতিল করে দিচ্ছেন।
এমতাবস্থায় এই অপরাধ গ্যাংদের দমনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সংসদ সদস্য রেজা কিবরিয়া, হবিগঞ্জ পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের আশু দৃষ্টি আকর্ষণ ও জোর দাবি জানান উপজেলাবাসী।

সংবাদটি শেয়ার করুন