টাকা সংক্রান্ত লেনদেনের জেরে ভাগ্নার হামলায় আহত খালু : মামলা নিতে পুলিশের গড়িমসি

Daily Jugabheri
প্রকাশিত September 15, 2024
টাকা সংক্রান্ত লেনদেনের জেরে ভাগ্নার হামলায় আহত খালু : মামলা নিতে পুলিশের গড়িমসি

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পাওনা টাকা দিতে বিলম্ব করায় খালুকে পিটিয়ে আহত করেছেন ভাগ্না। এই ঘটনায় এসএমপির জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ করেনি বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিযোগকারী লামাগাও পারকুল গ্রামের মৃত মৌলভী এমদাদুর রহমানের পুত্র বজলুর রহমান (৫২)।

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) অভিযোগটি দায়ের করা হয়। অভিযোগে ভাগ্না সুনামগঞ্জ জেলার ছাতক থানার লক্ষীবাউর মির্জাপুর গ্রামের আব্দুল হান্নানের পুত্র আব্দুল কাইয়ুম ও তার ৩ সহযোগির নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করা হয়।
অভিযোগের সত্য নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি হারুনুর রশীদ বলেন, তদন্ত চলছে, এরপর মামলা এফআইরের সিদ্ধান্ত নেয়া হবে।

অভিযোগ সুত্রে জানা গেছে, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার লামাগাও পারকুল গ্রামের বজলুর রহমান তার ছেলে শাহিদ সাইফুল্লাহকে বিদেশ পাঠাতে ভাগ্না সুনামগঞ্জ জেলার ছাতক থানার লক্ষীবাউর মির্জাপুর গ্রামের আব্দুল হান্নানের পুত্র আব্দুল কাইয়ুমের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। কিন্তু ছেলে প্রবাসে গিয়ে ঠিকমতো টাকা রুজি রোজগার করতে না পারায় টাকা পরিশোধে বিলম্ব হচ্ছিল। বিষয়টি তিনি তার ভাগ্নাকে বুঝিয়ে আশ্বস্তও করেছেন। কিন্তু ভাগ্না টাকার জন্য বার বার চাপ দিতে থাকেন। এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভাগ্না বিএনপি নেতা আব্দুল কাইয়ুম তার খালুকে কথা বলার জন্যে আখালিয়া এলাকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন সবুজ বাংলা নামক রেস্তোরার সামনে আসতে বলেন। ভাগ্না কাইয়ুমের কথামতো খালু বজলুর রহমান সেখানে উপস্থিত হলে বাক-বিতন্ডার এক পর্যায়ে কাইয়ুুমের সাথে থাকা কয়েকজন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। তারা তাকে পিঠিয়ে গুরুতর আহত করে। তার আর্ত-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারী আব্দুল কাইয়ুম ও তার সহযোগিরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৫দিন হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল শনিবার তিনি ছাড়পত্র নিয়ে বাড়ীতে চলে যান এবং বিকেলে থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে অভিযোগকারী বজলুর রহমান বলেন- আমাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এরপরও আসামীরা প্রভাবশালী ও বিএনপি নেতা হওয়ায় পুলিশ আমার মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করেনি। আমি এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন