• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

কানাইঘাটে সাবেক ছাত্রশিবির নেতা নাঈমের বাসায় পুলিশী তল্লাশী

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪
কানাইঘাটে সাবেক ছাত্রশিবির নেতা নাঈমের বাসায় পুলিশী তল্লাশী

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রশিবির নেতার বাড়ীতে তল্লাশী চালিয়েছে পুলিশ। গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বড়দেশ গ্রামের মো: এখলাছুর রহমানের পুত্র সিলেট এমসি কলেজ ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ নাঈম (২৫) এর বাড়ীতে এই তল্লাশী চালানো হয়। তবে এই সময় কাউকে গ্রেফতার করা হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কানাইঘাটের বড়দেশ গ্রামের মোঃ আব্দুল্লাহ নাঈম কয়েক বছর থেকে প্রবাসে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকতে সে সিলেট এমসি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছে। তখন তার উপর একাধিকবার হামলা-মামলার ঘটনা ঘটেছে। এদিকে প্রবাসে গিয়েও তিনি জামায়াতের রাজনীতির সাথে সক্রিয় হওয়ার পাশাপাশি পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করায় তার বিরুদ্ধে সিলেটের আদালতে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়। সেই মামলায় তার বিরুদ্ধে আদালতে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা তামিল করতেই পুলিশ তার বাড়ীতে অভিযানে গিয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি মোঃ আব্দুল আউয়াল বলেন, মোঃ আব্দুল্লাহ নাঈমের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। তাই পুলিশ অভিযানে গিয়েছিল। তবে খবর পেয়েছে সে নাকি প্রবাসে অবস্থান করছে। আমরা আদালতে সেই তথ্য উপস্থাপন করবো।

সংবাদটি শেয়ার করুন