
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলি বর্ষণকারীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের অব্যাহত আছে। গত ২৪ অক্টোবর মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানায় মামলা (নং ৩০ (১০) ২৪) দায়ের করেছেন নগরীর লামাবাজার এলাকার বাসিন্দা ছাত্রদল নেতা মো. আব্দুস ছালাম টিপু। মামলায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জান চৌধুরীকে প্রধান আসামী করে ৪৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করা হয়েছে। এদের বেশির ভাগই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের রাজনীতির সাথে সাথে জড়িত।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা অন্যানরা হচ্ছেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা, সাবেক এমপি রনজিত সরকার, কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদ, কাউন্সিলর মুস্তাক আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা পীযুষ কান্তি দে, আওয়ামীলীগ নেতা মাহি উদ্দিন সেলিম, কাউন্সিলর আফতাব হোসেন খান, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন, জাকির হোসেন, তারেক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ আমিনুল হক, যুবলীগ নেতা আব্দুল আহাদ সুমন, সেলিম উদ্দিন, নাজিম উদ্দিন, আব্দুল মুকিতসহ ৪৩ জন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই শুক্রবার জুমআর নামাজের পর নগরীর জিন্দাবাজারস্থ ডায়াবেটিস হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের হত্যার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল বের করলে মধুবন মার্কেটের সামনে অবস্থান নেয়া আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় বাদী টিপুসহ অনেকেই আহত হন। বিশেষ করে মামলার বাদী আব্দুস ছালাম টিপুর একটি চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় বাদী এই মামলাটি কোতয়ালী মডেল থানায় দায়ের করেছেন।