রাজনৈতিক প্রতিহিংসার জের : দক্ষিণ সুরমার সিলামে যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর

Daily Jugabheri
প্রকাশিত November 14, 2024
রাজনৈতিক প্রতিহিংসার জের : দক্ষিণ সুরমার সিলামে যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর

দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে যুবলীগ নেতা মো. দিনার আহমদের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। ছাত্রদল নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। গতকাল বিকেল ৩টার দিকে মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে মো. দিনার আহমদের বাড়িতে এ হামলা চালানো হয়। মো. দিনার আহমদ মোগলাবাজার থানার ৫ নং সিলাম ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মো. জয়নাল মিয়ার পুত্র। হামলাকারীরা মিছিল নিয়ে এসে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
এলাকাবাসী জানান, স্থানীয় ছাত্রদলের অন্তত ২৫/৩০ জন কর্মী মিছিল সহকারে লাঠিসোটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় তারা মো. দিনার আহমদকে খুঁজতে থাকে। দিনার বাড়িতে নেই জানালে হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ ভেঙে ফেলা হয়। এ ছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এতে দিনারের মা বাধা দিলে ছাত্রদলের উশৃঙ্খল নেতাকর্মীরা তাকে টেনে হিচড়ে ঘর থেকে বের করে এনে মারধর করে।
এ বিষয়ে মো. দিনার আহমদের পরিবার থেকে অভিযোগ করা হয়, ‘গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাংচুর চালাচ্ছে স্থানীয় ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রাণভয়ে আওয়ামীলীগ নেতাকর্মীরা ঘর ছেড়ে পালিয়েছেন। তবুও বাড়িতে হামলা, ভাংচুর এমনকি অগ্নিসংযোগ করা হচ্ছে। গতকাল বিকেল ৩টার দিকে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা বাড়িতে ঢুকে হামলা, ভাংচুর, লুটপাট করেছে। এতে অন্তত ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলাকারীরা তাৎক্ষণিক মো. দিনার আহমদকে বাসায় পেলে প্রাণে হত্যা করতো। এমন পরিকল্পনা নিয়েই ছাত্রদল ক্যাডাররা তার বাসায় হামলা চালিয়েছে। আওয়ামী সরকার পতনের আগে দিনার যুক্তরাজ্যে চলে যায়। তার বাবা মো. জয়নাল মিয়া প্রবাসে থাকেন। দেশে ২ সন্তান নিয়ে বড় অসহায় হয়ে পড়েছেন দিনারের মা মোছা. ইয়াসমিন মালা। তিনি জানান, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই তারা প্রতিদিনই কোন না কোন নির্যাতনের শিকার হচ্ছেন। একদিকে অভিযানের নামে বাড়িতে পুলিশের ঘন ঘন তল্লাশি, অন্যদিকে ছাত্রদল-ছাত্রশিবির ক্যাডারদের হামলা ও নির্যাতনে দুর্বিসহ হয়ে উঠেছে তাদের জীবন। হামলার বিষয়ে থানায় অভিযোগ দিতে চাইলে পুলিশ তাকে ফিরিয়ে দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে বলেন, এটি রাজনৈতিক বিষয়, আপনার ছেলে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগের যুবলীগ নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাই ্আপনাকে কোন ধরনের সহযোগিতা করা যাবে না। আপনার ছেলেকে আমাদের হাতে তুলে দিন। ফ্যাসিস্ট আওয়ামী নেতাকর্মীদের আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ রয়েছে। যেখানেই পাওয়া যায়, তাদেরকে আটক করা হচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলা ও ভাংচুরের খবর পেয়ে মোহাম্মদপুর গ্রামে পুলিশের একটি টিম পাঠনো হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এই হামলা চালিয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন