
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধিন সাবেক ছাত্রশিবির নেতার বাসায় দুর্বৃত্ত কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। হামলায় কেউ আহত না হলেও বাসার আসবাবপত্র ভাংচুর ও লুটপাট হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর এয়ারপোর্ট থানার মহালদিক গ্রামের আব্দুল মালিকের পুত্র যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুমিন রাহির বাসায় এই হামলার ঘটনা ঘটে। বাসায় থাকা লোকজন বাসার দেয়াল টপকিয়ে কোন রকমে সটকে পড়ায় হামলার হাত অল্পের জন্য রক্ষা পান। আত্মগোপনে থাকা আওয়ামী সন্ত্রাসীরা এই হামলার সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানার মহালদিক গ্রামের আব্দুল মালিকের পুত্র আব্দুল মুমিন রাহি কয়েক বছর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত শেখ হাসিনা সরকারের নানা সমালোচনা করছেন। এর জের ধরে বিগত আওয়ামী সরকারের আমলে তার পরিবারের সদস্যদের একাধিক বার হুমকী-ধামকী দেয়া হয়েছে। এদিকে ৫ আগস্ট পর্যন্ত দেশে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পক্ষে সক্রিয় ছিলেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তার পরিবারকে নানাভাবে হুমকী-ধামকি দিয়ে আসছিল।
এদিকে গতকাল রোববার (১ ডিসেম্বর) রাতে সাবেক ছাত্রশিবির নেতা আব্দুল মুমিন রাহির বাসায় একদল দুর্বৃত্ত হামলা চালায়। ঐ সময় বাসায় থাকা রাহির পরিবারের সদস্যরা প্রাণ বাচাঁতে বাসার বাউন্ডারি দেয়াল টপকিয়ে দ্রুত বাইরে সটকে পড়েন। এসময় তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে সন্ত্রাসীরা বাসায় ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে। হামলায় পতিত আওয়ামী সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ রাহির পরিবারের।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি মো. নুনু মিয়া বলেন, মহালদিকের একটি বাসায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।