দক্ষিণ সুরমায় সন্ত্রাসী হামলায় বৃদ্ধ আহত

Daily Jugabheri
প্রকাশিত March 1, 2025
দক্ষিণ সুরমায় সন্ত্রাসী হামলায় বৃদ্ধ আহত

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় এক বৃদ্ধ ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে দক্ষিণ সুরমা থানার মখন দোকান সংলগ্ন গোয়ালগাঁওয়ে এই হামলার ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম চান মিয়া (৬০)। তিনি গোয়ালগাঁও গ্রামের সাত্তার মিয়ার পুত্র। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালগাঁও গ্রামের সাত্তার মিয়ার পুত্র চান মিয়া মখন দোকান বাজারের ব্যবসায়ী। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ী ফিরছিলেন। তিনি বাজার এলাকা পেরিয়ে গোয়ালগাঁওয়ের সীমানায় প্রবেশ করা মাত্রই একদল সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তার হাত, পা ও মাথায় আঘাত করে এবং তিনি গুরুতর আহত হন। তার আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে নগরীর ইবনে সিনা হাসপাতাল ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে আহত চান মিয়ার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তার বোন আফিয়া খাতুন জানান, গত কয়েকদিন ধরে আমার ভাই ও আমাকে আমার ভাসুর আজম খান ও তার শালা তুষারের পালিত সন্ত্রাসীরা হত্যার হুমকী দিয়ে আসছিল। তার দাবী ঐ সকল সন্ত্রাসীরাই তার ভাইকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করেছে।

উল্লেখ্য যে, দীর্ঘ দিন থেকে আফিয়া খাতুনের পরিবারের সাথে আজম খান ও তার শালা তুষারের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিলো।

স্থানীয়রা জানান, চান মিয়া তার বোন আফিয়া খাতুনকে আশ্রয় দেয়ায় সন্ত্রাসীরা তাকে টার্গেট করে আক্রমন করেছে।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করা হলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, তারা এরকম একটি ঘটনার সংবাদ পেয়েছেন। তবে কেউ এখনও কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন