• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির নেতা তানভীর ও তার পরিবারকে হুমকি

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২, ২০২৫
যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির নেতা তানভীর ও তার পরিবারকে হুমকি

মৌলভীবাজার প্রতিনিধি :

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক এমসি কলেজের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানভীর হোসাইন ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হুমকির ঘটনায় তানভীরের পরিবারে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) তানভীর হোসাইনের বাবা মোহাম্মদ আব্দুর রহিম বড়লেখা থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি নিতে অপরাগতা প্রকাশ করে।

মোহাম্মদ তানভীর হোসাইনের বাড়ি বড়লেখা উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা গ্রামে।

তানভীরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানভীর বাংলাদেশে থাকাবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত ছিলেন। যুক্তরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে শিবির নেতা তানভীরের সক্রিয় অংশগ্রহণ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অনিয়ম-অসঙ্গতির বিষয়ে সমালোচনামূলক লেখা পোস্ট করেন। এর জের ধরে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় বড়লেখা উপজেলার বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা তানভীর হোসাইনের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারকে হুমকি প্রদান করে।

জানতে চাইলে তানভীর হোসাইনের বাবা আব্দুর রহিম এ প্রতিবেদককে বলেন, ৪ থেকে ৫ জনের মতো অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি আমার বাড়িতে এসে আমার ছেলের (তানভীর) নাম উল্লেখ করে গালিগালাজ করে। এসময় আমার ছেলেকে গালাগালির কারণ জানতে চাইলে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিরা উল্টো আমার সাথে অশালীন আচরণ করে এবং লন্ডনে অবস্থানরত তানভীর যেন ফেসবুকে লেখালেখি না করে এ বিষয়ে সতর্ক করে।

তানভীরের বাবা আরও বলেন, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিরা হুমকি দিয়ে আরও বলেছে, অন্যথায় আমার ছেলে দেশে আসলে তার বিরুদ্ধে মামলা, হামলা চালানো হবে; এমনকি কুপিয়ে হত্যা করা হবে। ছেলে ও পরিবার নিয়ে আমি খুবই চিন্তিত আছি। এ ঘটনায় গত ২৮ ফেব্রুয়ারি থানায় জিডি করতে গেলে পুলিশ আমার জিডি নেয়নি।

এ ঘটনার অনুসন্ধানকালে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শরিফ উদ্দিনের নেতৃত্বে সাবেক শিবির নেতা তানভীর হোসাইনের বাড়িতে হত্যার এ হুমকি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন