
স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্য প্রবাসী সিলেট মহানগরীর সাবেক ছাত্রশিবির নেতার বাসায় পুলিশী তল্লাশীর অভিযোগ উঠছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) বিকেলে জালালাবাদ থানার আখালিয়া বড়বাড়ী এলাকায় সাবেক সিলেট মহানগর ছাত্রশিবির নেতা ফখরুল আলম সেলিমের
বাসায় এই তল্লাশী চালানো হয়। এসময় কাউকে গ্রেফতার করা না হলেও পুলিশ কর্তৃক পরিবারের সদস্যদের হুমকী দেয়ার অভিযোগ উঠছে। ঐ শিবির নেতার বিরুদ্ধে একটি মামলার সাজা পরোয়ানা ও একাধিক মামায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট নগরীর জালালাবাদ থানার আখালিয়া বড়বাড়ী এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র ফখরুল আলম সেলিম কয়েক বছর যাবত প্রবাসে অবস্থান করছেন। দেশে থাকতে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্যে গিয়ে তিনি সেখানে জামায়াতের রাজনীতিতে সক্রিয় হন। পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করায় তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে একাধিক মামলা দায়ের করা হয়। এছাড়া তার বাড়ীতে হুমকী ধামকীর ঘটনা ঘটেছে।
বিগত আওয়ামী সরকারের আমলে দায়েরকৃত একটি মামলায় তার বিরুদ্ধে ৬ মাসের সাজা দিয়েছেন আদালত। ঐ মামলার রায়ের পর আদালত সাজা পরোয়ানা জারি করেছেন। এই কারণে পুলিশ তার বাসায় অভিযান চালায়। এছাড়া আওয়ামী সরকারের আমলে দায়েরকৃত একাধিক মামলায় তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ফলে প্রায় দিনই পুলিশ ঐ বাসায় তল্লাশী চালায় বলে জানিয়েছে ফখরুল আলম সেলিমের মা।
তিনি বলেন, আমার ছেলে কয়েক বছর থেকে প্রবাসে আছে। এরপরও পুলিশ প্রায় সময়ই বাসায় এসে তল্লাশী চালায়। এ নিয়ে আমরা আতঙ্কে আছি। পুলিশ বলে গেছে আমার ছেলে আত্মসমর্পণ না করলে তাদেরক বাসায় অভিযান চালাতে আসতেই হবে।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ফখরুল আলম সেলিমের বিরুদ্ধে একটি মামলার রায়ে ৬ মাসের সাজা হয়েছে। এছাড়া একাধিক মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাই পুলিশ অভিযানে গিয়েছে।