
স্টাফ রিপোর্টার
২০২৩ সালে সিলেট নগরীর লালদীঘিরপারস্থ টাউন বোর্ডিং থেকে মাদক উদ্ধারের ঘটনায় কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলার রায় ঘোষণা করেছে আদালত। প্রায় ২ বছর পর গতকাল ২১ মে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রাজীব কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রায়ে ৩ জনকে দশ বছর করে সশ্রম কারাদন্ড ও ত্রিশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন সিলেট জেলার কানাইঘাট থানার জুলাই আগরচটি গ্রামের আব্দুল করিমের পুত্র আব্দুল কাইয়ুম (৩২) একই থানার নন্দীরাই গ্রামের মৃত মোহাম্মদ ফরজান আলীর পুত্র মোহাম্মদ জামাল উদ্দিন (২৮) নগরীর শেখঘাট এলাকার শুভেচ্ছা-২১ নং বাসার বাসিন্দা মঈন উদ্দিনের পুত্র টাউন বোডিংয়ের ম্যানেজার কামাল উদ্দিন (৩৮)। রায় ঘোষনার সময় আসামী কামাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুই আসামী আব্দুল কাইয়ুম ও মোহাম্মদ জামাল উদ্দিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২/০২/২০২৩ইং তারিখে কোতোয়ালী থানা পুলিশ সিলেট নগরীর টাউন বোর্ডিংয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার অন্যতম আসামী আব্দুল কাইয়ুম ও মোহাম্মদ জামাল উদ্দিন পালিয়ে যায়। এসময় পুলিশ ২০৫ নং কক্ষে অভিযান চালিয়ে ভারতীয় ২৫০ বোতল ফেনসিডিল ও জেনোসিডিল উদ্ধার করে এবং বোডিং ম্যানেজার কামাল উদ্দিনকে আটক করে। পরে রাতে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে। মামলা নং-১১, তারিখ: ২২/০২/২০২৩ ইংরেজি, পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রুহুল আমিন প্রায় ৪ মাস পর এজাহার নামীয় ৩ আসামীকে অভিযুক্ত করে ২৮/০৬/২০২৩ ইং সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলার নথি সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করলে বিচার পক্রিয়া শুরু হয়। মামলার স্বাক্ষ্য গ্রহণ, আসামীর জবানবন্দি, দীর্ঘ শুনানী ও বাদী-বিবাদী পক্ষে যুক্তিতর্ক শেষে গতকাল ২১/০৫/২০২৫ ইং তারিখে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রাজীব কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন সিলেট জজকোর্টের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী এবং আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট দুলাল রেজা ও এম.এ.খালিক।