ছাত্রলীগ নেতা সন্তোষকে না পেয়ে মন্দির ভাঙার হুমকি, থানায় জিডি ও প্রতিবাদ

Daily Jugabheri
প্রকাশিত June 12, 2025
ছাত্রলীগ নেতা সন্তোষকে না পেয়ে মন্দির ভাঙার হুমকি, থানায় জিডি ও প্রতিবাদ

জগন্নাথপুর সংবাদদাতা ::
সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গোপরা গ্রামের মহারত্ন দাশের ছেলে সন্তোষ দাশকে খুজে না পেয়ে তার পরিবারের লোকদেরকে প্রাণে হত্যার হুমকি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ভাংচুরে র হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সিলেট বিভাগীয় শাখা ।
সূত্র জানায়, সন্তোষ দাশ ২০২৩ সনের ০৬ অক্টোবর
দেশ ত্যাগ করেন। দেশ ত্যাগের পূর্বে তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক কর্মকান্ড ও হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা ও ভক্তিশীল হওয়া দেখে স্থানীয় বিএনপি, জামায়াত ও স্থানীয় মুসলিম ধর্মান্ধ নেতারা হিংসাত্মক হয়ে নানা ধরনের হয়রানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় সন্তোষ দেশে না থেকেও ২০২৪ সালে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩০, তাং ২৪/১০/২০২৪ইং, জি.আর ৪৬৯/২০২৪ইং, ধারা: ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ পেনাল কোড-১৮৬০ মামলার আসামি হয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানার মামলা নং-১২, তাংঃ ১২/০৯/২০২৪ইং, জি.আর-২২৭/২৪ইং, ধারা: ১৪৩/ ১৪৮/৩২৩/৩২৬/৩০৭/১১৪ তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ দঃবিঃ মামলার আসামি । ফলে তাকে গ্রেফতারে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে ।
অপরদিকে, স্থানীয় এলাকাবাসী সন্তোষকে খুজে না পেয়ে তার পরিবারের লোকজনকে হুমকি এবং মন্দির পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরিতোষ দাশ তালুকদার জগন্নাথপুর থানায় জিডি করেছেন।তিনি তার জিডিতে উল্লেখ করেন, তারা হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু হন। স্থানীয় কিছু মুসলিম উগ্রবাদী লোকজন পুজা, পার্বন, মন্দিরে ভক্তির সময় বাধা দিয়ে আসছেন। এছাড়া পুজাতে উচ্চ শব্দে মাইক বাজানো থেকে বিরত থাকতে নিষেধ প্রদান করেন। এমনকি বর্তমান সরকার দলীয় নেতাকর্মীরা এবং বিরোধীদলীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উগ্রবাদীরা আমাদেরকে সংখ্যালঘু হিসেবে নানাধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বিরত থাকার জন্য বলে আসছেন। এর ধারাবাহিকতায় গত ০৩/০৫/২০২৫ইং তারিখে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা এসে আমাদের পুজা অনুষ্ঠান বন্ধ করে বলেন, এলাকায় থাকতে হলে মুসলমান হতে হবে আর কোনো হিন্দু ধর্মের কোনো অনুষ্ঠান যাবে না। এছাড়া সন্তোষ সহ অন্যান্য লোকজন আওয়ামী লীগের রাজনীতি করে। তাই আগামী ৭দিনের মধ্যে সন্তোষ সহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীদের এনে না দিলে এলাকায় থাকতে দিবে না। ১০/০৫/২০২৫ ইং তারিখ সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় স্থানীয় বিএনপি, জামায়াত ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির ও স্থানীয় মুসলিম উগ্রবাদী সন্ত্রাসীরা মিলে এসে সন্তোষকে এবং হিন্দু ধর্মের লোকদেরকে খোঁজাখুঁজি করে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণে হত্যার হুমকি দিয়ে বলে, তদের মন্দির, বাড়িঘর পুড়িয়ে এই এলাকা থেকে বের করে দিবো। এরপর থেকে সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ।
এ ব্যাপারে সন্তোষের মা হরীপ্রিয়া জানান, তার ছেলে কোন মামলার ঘটনার সাথে কখনও জড়িত ছিল না। সম্পূর্ণ রাজনৈতিক ও সংখ্যালঘু হওয়ার কারণে তাকে এ সকল মামলাগুলোতে জড়িত করা হয়েছে। ফলে তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। যার ফলে পুলিশ, র‍্যাবসহ সরকারের বিভিন্ন আইনশৃংঙ্খলা বাহিনী আমাদের বাড়িতে নিয়মিত তল্লাশী অভিযান পরিচালনা করছে। এমনকি সন্তোষকে খুঁজে না পেলে পরিবারের লোকদেরকে মিথ্যে মামলায় জড়ানো ও গ্রেফতারের হুমকী প্রদান করা হচ্ছে।
এদিকে, সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির পুড়িয়ে দেওয়ার হুমকি ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সিলেট বিভাগীয় শাখার নেতৃবৃন্দ।
এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এখানে সবাই মিলেমিশে বসবাস করছে। একটি কুচক্রী মহল হিন্দু সম্প্রদায়কে বিপাকে ফেলতে ষড়যন্ত্র করছে। তারাই দেশের বিভিন্ন মঠ মন্দিরে হামলা এবং হিন্দুদেরকে পুড়িয়ে মেরে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখে। আমরা সেটা হতে দিতে পারি না। তারা তাদের ভগবান শ্রীরামকে অবমাননা ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এছাড়া সন্তোষ দাশ ও তার পরিবার এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ে সার্বিক নিরাপত্তা দিতে প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।
জগন্নাথপুর থানার ওসি কাজী মুক্তাদির জানান, সন্তোষের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে ।তাই পুলিশ তাকে হন্যে হয়ে খুজছে। আর মন্দির পড়ানোর হুমকির বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন