
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী যুবকের বাড়ীতে তল্লাশী চালিয়েছে পুলিশ। গতকাল শনিবার (১৪ জুন) সাড়ে ১১টার দিকে উপজেলার খন্দকার বাজার সংলগ্ন খাগদিওর গ্রামের মুতিকুর রহমানের পুত্র যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমানের বাড়ীতে তল্লাশী চালায় এসএমপির কোতোয়ালী থানা পুলিশ। এসময় পুলিশ বাড়িতে হাবিবুর রহমান কে না পেলে বাড়ীতে থাকা নারী ও শিশুদের হুমকী-ধামকী ও ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ উঠছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার সংলগ্ন খাগদিওর গ্রামের মুতিকুর রহমানের পুত্র হাবিবুর রহমান কয়েক বছর যাবত কাতারে বসবাস করতেন, বিগত এক বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকতে সে দয়ামীর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে, তাছাড়া তিনি জেলা ছাত্রলীগ এর সাথে সম্পৃক্ত ছিলেন। প্রবাসে গিয়েও সে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগি সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছে। গত জুলাই ও আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সে সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে সক্রিয় ছিল এবং ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে লেখালেখি করেছে। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন পরবর্তী সময়ে সারাদেশের ন্যায় সিলেটেও আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে গত ৫ আগস্টে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় গত ১ জুন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে দায়েরকৃত একটি মামলায় তাকে আসামী করা হয়েছে। এই মামলার তদন্ত করতেই পুলিশ তাদের বাড়ীতে অভিযানে গিয়েছিল বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি মামলায় খাগদিওর গ্রামের মুতিকুর রহমানের পুত্র হাবিবুর রহমানকে আসামী করা হয়েছে। আদালতের নির্দেশে এসএমপির কোতোয়ালী থানা পুলিশের একটি দল তদন্তের জন্য ঐ বাড়ীতে গিয়েছিল। ওসমানীনগর থানা পুলিশ তাদের সহযোগিতা করেছে। ঐ বাড়ীর নারী-শিশুদের হুমকী-ধামকী ও ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ সত্য নয়।