
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় প্রকাশ্যে একটি হোটেলের ভেতরে এক যুবককে বেঁধে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ১৩ জুলাই ২০২৫ ইং সকাল ৯টার দিকে কোতোয়ালি থানাধীন কাজিরবাজারে শাপলা হোটেলের ভেতরে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। হামলায় নিহত যুবকের নাম দিদার আহমদ রুমন। তিনি দক্ষিণ সুরমা থানার সব্দলপুর তখলিছ মিয়ার পুত্র। নগরীর কাজিরবাজার এলাকার শাপলা হোটেলে তিনি ওয়েটারের কাজ করতেন।
এ ঘটনায় নিহতের ভাই মো: রেজু মিয়া কোতোয়ালি মডেল থানায় ১টি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন- কোতোয়ালি থানার তোপখানা এলাকার মৃত শরিফ মিয়ার পুত্র আব্বাস মিয়া, একই এলাকার আব্বাস মিয়ার পুত্র খোকন মিয়া ও মোহন মিয়া, দক্ষিণ সুরমা থানার দক্ষিণ বলদি গ্রামের মো. আব্দুল আহাদের পুত্র মো. খালেদ আহমদ এবং কোতোয়ালি থানার তোপখানা এলাকার আব্বাস মিয়ার পুত্র রুহান। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন সকাল ৭টার দিকে আসামি আব্বাস মিয়া শাপলা হোটেলে এসে চা দিতে বলেন। চা দিতে কিছুটা দেরি হওয়ায় তিনি ওয়েটার দিদার আহমদ রুমনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। উপস্থিত লোকজন বাধা দিলে হোটেল মালিকের মধ্যস্থতায় বিষয়টি সাময়িকভাবে মীমাংসা হয়।
কিন্তু প্রায় দুই ঘণ্টা পর আব্বাস মিয়া তার পুত্র খোকন মিয়া, মোহন মিয়া, রুহান এবং দক্ষিণ সুরমা এলাকার মো. খালেদ আহমদসহ কয়েকজনকে নিয়ে পুনরায় হোটেলে প্রবেশ করেন। তারা হোটেলের শাটার বন্ধ করে ভিতরে ঢুকে রুমনকে বেঁধে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে মারধর শুরু করেন। এক পর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে রুমনের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত থাকায় স্থানীয় লোকজন ভয়ে এগিয়ে আসতে পারেননি। এতে পুরো কাজিরবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রুমনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মুস্তাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান আসামী আব্বাস মিয়াকে ঘটনার পরপরই আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।