
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাবিজুরীপার গ্রামের সাবেক ছাত্রশিবির নেতা জুবের আহমদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় বড়লেখা থানা পুলিশ এ অভিযান চালায়। তবে পুলিশ তাকে আটক করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বড়লেখা থানা পুলিশ ছাত্রশিবির নেতা জুবের আহমদকে আটক করতে তার বাড়িতে অভিযান চালায়। প্রায় ১ ঘন্টা যাবত পুলিশ বাড়িতে তল্লাশী করে।
ছাত্রশিবির নেতা জুবের আহমদের বাবা ওসমান আলী অভিযোগ করেন, পুলিশ বাড়িতে ঢুকে জুবের আহমদকে খুঁজতে থাকে। জুবের বাড়িতে নেই জানালে তারা সারা ঘরজুড়ে তল্লাশির নামে তছনছ করে এবং অকথ্য ভাষায় পরিবারের সদস্যদের গালিগালাজ করে। এতে তিনি প্রতিবাদ করলে পুলিশ তাকে শার্টের কলারে ধরে টেনে হিচড়ে ঘর থেকে বের করে নিয়ে আসে এবং তুলে নিয়ে কোর্টে চালান দেয়ার হুমকি দেয়। এসময় পুলিশ ধামকি দিয়ে বলে, ‘তোর ছেলে দুটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। ফেসবুকে দেশবিরোধী প্রচারনা চালাচ্ছে। গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক পোস্ট দিয়ে এলাকাকে অশান্ত করে তুলেছে। তাকে আমাদের হাতে তুলে না দিলে মিথ্যে মামলায় জড়িয়ে পরিবারের সদস্যদের জেলে পাঠাবো।’
তিনি আরও অভিযোগ করেন, তার পুত্র দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছে জেনেও পুলিশ পরিবারের সদস্যদের উপর নির্যাতন করতে এ অভিযান চালিয়েছে। আগে পুলিশ ফ্যাসিস্ট আওয়ামীলীগের আজ্ঞাবহ ছিল। আওয়ামী সরকার পতনের পর এখন বিএনপির হয়ে কাজ করছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের প্ররোচনায় পুলিশ তার বাড়িতে অভিযানের নামে তাকে ও তার পরিবারের সদস্যদের হয়রানি করছে।
এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জুবের আহমদকে আটক করার জন্য সরকারের উর্ধ্বতন মহলের চাপ রয়েছে। তাই তার সন্ধানে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। তাকে আটক করতে সম্ভাব্য স্থানসমূহে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।