
যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারে হত্যা ও সহিংসতার মামলায় অভিযুক্ত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আব্দুল নূর সানি (ডেভিল সানি) এর বাবা ও ভাইকে পৃথক সময়ে গ্রেপ্তার করেছে পুলিশ। দুইজনের গ্রেপ্তারের ব্যবধান প্রায় আট মাস।
পুলিশ সূত্রে জানা যায়, সানির ভাই আব্দুল মহিত রনি (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার বরখাপন ইউনিয়নের বরখাপন গ্রামের বাসিন্দা। তিনি কাতার যাওয়ার উদ্দেশ্যে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসলে বিমানবন্দরের ইমিগ্রেশনের সামন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলা ও সেবুল হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।
এদিকে একই মামলার আরেক অভিযুক্ত রনির বাবা মো. আসকর মিয়াকেও প্রায় আট মাস পর ২০২৫ সালের ২৫ আগস্ট মৌলভীবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মহিত রনি আওয়ামী লীগ সমর্থিত রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার ভাই ছাত্রলীগ নেতা আব্দুল নূর সানি (ডেভিল সানি) এর অনুপস্থিতিতে এলাকায় ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করতেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।