
নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার পালপুর গ্রামে এক নারীকে জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগীর নাম মনোয়ারা বেগম। তিনি দক্ষিণ সুরমা উপজেলার পালপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের মেয়ে। আপন চাচাতো ভাই মিঠু গতকাল রাত ৮টার দিকে কয়েকজন সহযোগিকে নিয়ে মনোয়ারাকে তার বোনের বাড়ী থেকে জোরপূর্বক অপহরনের চেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন স্বজনরা।
তবে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক হস্তক্ষেপে অপহরণ করতে ব্যর্থ হয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, মনোয়ারা বেগমের চাচাতো ভাই মিঠু মিয়া তাকে জোরপূর্বক বিয়ে করতে চাপ দিয়ে আসছিলেন। মনোয়ারা বেগম জানান, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছিলেন গত ১০ জুলাই ২০২৫ এর পরদিন ১১ জুলাই চাচাতো ভাই মিটু তার উপর হামলা করেছিলো।
এতে তিনিগুরুতর আহত হয়েছিলেন। মনোয়ারা বেগম অভিযোগ করেন, তার পিতা সম্পত্তি ভোগ করতেই মূলত মিটু ও তার বোন এইসব সন্ত্রাসী কার্যক্রম করে আসছেন।
পরে তিনি নিরাপত্তার জন্য একই গ্রামে তার বোনের বাড়িতে চলে যান।
গতকাল রাতে মিঠু মিয়া তার সহযোগীদের নিয়ে একটি গাড়িতে করে মনোয়ারার বোনের বাড়িতে যান। সেখানে তারা জোরপূর্বক ঘরে প্রবেশ করে মনোয়ারা বেগমকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মনোয়ারা বেগম চিৎকার শুরু করলে তার বোনের বাড়ীর স্বজন এবং আশপাশের প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন। স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এ নিয়ে পরিবারের সদস্যরা আতংকে রয়েছেন।
এদিকে, ভুক্তভোগী মনোয়ারা নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, তার চাচাতো ভাই মিঠু ও চাচাতো বোন আমেনা বেগম তার উপর দীর্ঘদিন ধরে নানা ধরনের নির্যাতন করে আসছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না। অভিযুক্তদের গ্রেপ্তার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।