ওসমানীনগরে সাবেক ছাত্রলীগ নেতা জাবেদ আহমদের বাড়িতে হামলা

Daily Jugabheri
প্রকাশিত October 14, 2025
ওসমানীনগরে সাবেক ছাত্রলীগ নেতা জাবেদ আহমদের বাড়িতে হামলা

ওসমানীনগর প্রতিনিধি : রাজনৈতিক বিরোধের জেরে ওসমানীনগরে সাবেক ছাত্রলীগ নেতা মো: জাবেদ আহমদের বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওসমানীনগর থানার চাতলপার গ্রামের সিফার উদ্দিনের পুত্র ২ নং সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: জাবেদ আহমদের বাড়িতে স্থানীয় জামায়াত-বিএনপির ক্যাডাররা এ হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
ছাত্রলীগ নেতার পরিবার ও এলাকাবাসী জানান, ওসসমানীনগরের জামায়াত-বিএনপির অন্তত ১০/১৫ জন কর্মী লাঠিসোটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। তবে ঘটনার সময় মো: জাবেদ আহমদ বাড়িতে ছিলেন না। হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, এসি ভেঙে ফেলা হয়। এ ছাড়াও হামলাকারীরা আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করে।
এ বিষয়ে জাবেদ আহমদের পিতা সিফার উদ্দিন জানান, দেশের পরিস্থিতিতে তারা আতংকে রয়েছেন। হামলায় অন্তত ৫ লাখ টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে। হামলাকারীরা খুবই হিংস্র ছিল। বিশ্বস্থ সূত্র থেকে তারা জানতে পেরেছেন, মো: জাবেদ আহমদকে প্রাণে হত্যার পরিকল্পনা নিয়েই বাসায় হামলা চালানো হয়েছে।
ঘটনা জানার পরপরই বাসায় পুলিশ পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, ‘উপজেলার চাতলপার গ্রামে এক ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে ওসমানীনগর থানার একটি টিম সেখানে গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এই হামলা চালিয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। মো: জাবেদ আহমদ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত। তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা রয়েছে। সে মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। জাবেদকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন