• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

জুলাই বিপ্লব ও প্রধান উপদেষ্টাকে নিয়ে অপপ্রচার : সিলেটে জুলাই যোদ্ধার মামলা

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫
জুলাই বিপ্লব ও প্রধান উপদেষ্টাকে নিয়ে অপপ্রচার : সিলেটে জুলাই যোদ্ধার মামলা

স্টাফ রিপোর্টার : চব্বিশের জুলাই বিপ্লব ও অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. ইউনুসসহ সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার ও ব্যাঙ্গাত্মক কার্টুন প্রচারের অভিযোগে সিলেটে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আমলী আদালতে মামলাটি দায়ের করেন চব্বিশের জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী জুলাই যোদ্ধা ও নগরীর জালালাবাদ থানার ৩৯নং ওয়ার্ডের শাহপুর নোয়া খুরুমখলা গ্রামের আবুল বাশারের পুত্র মোঃ আমিনুল ইসলাম (৩০)। সি.আর. মামলা নং- ৩৮৩/২৫ (জালালাবাদ)।

মামলায় ৬ জনের নাম উল্লেখ করে তাদেরকে আসামী করা হয়। আসামীগণ হলেন- সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার ফরিদপুর গ্রামের মৃত মোঃ আছকির আলীর ছেলে মোঃ শাহাব উদ্দিন (৪৮), বালাগঞ্জ থানার ডেকাপুর মুসলিমাবাদ গ্রামের মৃত শেখ আনছারের পুত্র শেখ আব্দুল ফাত্তাহ (২৮), দক্ষিণ সুরমা থানার রাখালগঞ্জ দৌলতপুর গ্রামের ফারুক আহমদের পুত্র মারজানুর রহমান রিপন (২৪), বিশ্বনাথ থানার পরগণা বাজার হাজারীগাও গ্রামের মোঃ মনির আলীর পুত্র মোঃ তোফায়েল হোসেন (২০), মৌলভীবাজার জেলার সদর থানার সাধুহাটি গোরাখাল গ্রামের আব্দুল নুরের পুত্র মোঃ আব্দুল কাইয়ুম (২৩), সিলেটের মোগলাবাজার থানার রেঙ্গা হাজীগঞ্জ বাজার সংলগ্ন হরিনাথপুর গ্রামের মৃত আকরম আলীর পুত্র রিমা আক্তার পলি (২৬)। আসামীদের প্রায় সকলেই প্রবাসে অবস্থানরত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত।

এ ব্যাপারে মামলার বাদী চব্বিশের জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার জালালাবাদ থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩৯নং ওয়ার্ডের শাহপুর নোয়া খুরুমখলা গ্রামের আবুল বাশারের পুত্র মোঃ আমিনুল ইসলাম বলেন, আমি একজন জুলাই যোদ্ধা। আসামীরা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি সাথে সম্পৃক্ত। তারা অনবরতভাবে জুলাই বিপ্লব ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাসহ সরকারের উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটনা করে আসছে। তারা নানা ধরণের ব্যাঙ্গাত্মক কার্টুন বানিয়ে ফেইসবুকে ছড়িয়ে দিচ্ছে। আমি এর প্রতিবাদ করলে তারা উল্টো আমাকে হুমকী ধামকী দিতে থাকে। একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে মামলা দায়ের করেছি। আদালত মামলাটি আমলে নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন