
নিজস্ব সংবাদদাতা, বিশ্বনাথ থেকে : রাজনৈতিক প্রতিহিংসার কারণে অপহৃত হলেন বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল নূর (৬১)। তিনি উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নস্থ ছোট খুরমা গ্রামের খুর্শিদ আলীর পুত্র। ঘটনাটি সংঘটিত হয়েছে গত ১৬ জানুয়ারি রাত অনুমান ৮ ঘটিকায়। জিডি এন্ট্রির বরাত ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিগত ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকারের পতনের পর মোঃ আব্দুল নূর নামের আওয়ামী লীগের এই ত্যাগী নেতা প্রাণের ভয়ে আত্মগোপনরত ছিলেন। তিনি আত্মগোপনে থাকাবস্থায় বিভিন্ন সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাকে খুঁজতে শুরু করে। বাড়িতে এসে তাকে না পেয়ে পরিবারের লোকদের সাথে খারাপ আচরণ করতো। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আব্দুল নূর প্রায় ১ সপ্তাহ পূর্বে বাড়িতে আসেন এবং গত ১৬ জানুয়ারি ২০২৬ ইংরেজী রাত অনুমান ৮ ঘটিকায় অজ্ঞাতনামা কারও ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। রাত অনুমান ১১.৩০ ঘটিকা পর্যন্ত তার মোবাইল ফোনে ০১৭১৫৭৭৬০৭৫ যোগাযোগ করলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তোর কোন সন্ধান পায়নি। নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিল একটি ক্রিম কালার ফুল শার্ট, ১টি নেভি ব্লু কালারের ফুল পেন্ট। তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চির মতো, গায়ের রং শ্যামলা। এ ব্যাপারে বিশ্বনাথ থানায় নিখোঁজ আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল নূর এর স্ত্রী মোছাঃ আছমা বেগম বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী (নং- ৩২৪, তারিখ- ১৯/০১/২০২৬ ইংরেজী) দায়ের করেছেন।