
নিজস্ব প্রতিনিধি: সিলেটের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সনাতন সম্প্রদায়ের পাশে বিএনপি সবসময় ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতির সিলেট গড়ে তোলাই আমাদের লক্ষ্য। গত শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) রাতে সিলেট নগরের একটি স্থানীয় কমিউনিটি হলে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হিন্দু কমিউনিটি নেতা সনজিত সরকারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তাফিজ খন্দকার পায়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা কাজল ভট্টাচার্য। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন সিভিক ভয়েজ গ্লোবালের চেয়ারম্যান পাশা খন্দকার এমবিই। প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিনি সিলেটের মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চান। সিলেটের উন্নয়নে নিজেকে সর্বোচ্চভাবে সম্পৃক্ত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদিরের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান হিন্দু কমিউনিটি নেতা সনজিত সরকারের নেতৃত্বাধীন অর্ধশতাধিক নেতাকর্মী।
পরে বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মণিপুরী, খাসিয়াসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর পূর্বপুরুষদের আবাসভূমি। ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করে ঐক্যবদ্ধভাবে সিলেটকে এগিয়ে নিতে হবে। তিনি কৃষি ও শিল্প খাতে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে শিক্ষিত ও অর্ধশিক্ষিত তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে মোস্তাফিজ খন্দকার পায়েল বলেন, জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চ বিএনপি পরিবারের একটি সর্বস্তরের প্ল্যাটফর্ম, যেখানে ধর্ম, বর্ণ ও পেশা নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপিকে শক্তিশালী করতে পারবেন।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্য উজ্জ্বল রঞ্জন চন্দ, কানাডা বিএনপির সভাপতি আহাদ খন্দকার, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম হোসেন চৌধুরী, গীতা সংগঠনের সভাপতি রেবুল তালুকদার, সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ সোহেল, মাতৃভক্তি সমিতির সভাপতি সঞ্জয় সরকার, একতা সমিতির সভাপতি ক্লিপেশ রায়, জুলাই গণআন্দোলনে নিহত পঙ্কজ কুমার করের পিতা নিখিল চন্দ্র কর, প্রেস ক্রিস্টেরিয়ান চার্চের ডিকন নিঝুম সাংমা, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান হারুন, ফিলিপ সমদ্দার, কামরুন নাহার চৌধুরী তিন্নি, চন্দন ভৌমিকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, মৌসুমি ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মহিউল ইসলাম চৌধুরী মনসুর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সুদীপ বৈদ্য, ঝলক আচার্য, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বুলবুল হোসাইনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।