
আদালত প্রতিবেদক :::
অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০০৩) এর ৭/৩০/৯(১) ধারায় পলাতক আসামী রায়হান মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করেছেন আদালত । গতকাল ০৬/০৫/২০২৬ ইং হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এক আদেশে আসামী রায়হান মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানার নির্দেশ দেন। রায়হান হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার পশ্চিম লেঞ্জাপাড়ার সাহেদ মিয়ার ছেলে। আদালত সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জের আলাপুর গ্রামের মৃত আরিফ আহমদের ছেলে ফারুক আহমদ ১৬/১০/২০২৪ ইং শায়েস্তাগঞ্জ থানায় তার মেয়ে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সুলতানা বেগমকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার দায়ে মামলা দায়ের করেন। যা শায়েস্তাগঞ্জ জি আর মামলা নং ২৯/২০২৪ ইং ও শায়েস্তাগঞ্জ থানার মামলা নং- ০৫, তারিখ: ১৬/১০/২০২৪ ইং । মামলায় তিনি উল্লেখ করেন ১৫/১০/২০২৪ ইং সকালে তার মেয়েকে মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। একই তারিখের রাত ৯ টায় ফরেস্ট অফিস সংলগ্ন শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের পূর্ব পাশে বিবস্ত্র অবস্থায় সুলতানা বেগম পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ সুলতানা বেগমকে উদ্ধার করে শায়েস্তাগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।