
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় এক তরুণীকে অপহরণ, তাঁর বাবার বাড়ি থেকে সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার লুট এবং সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শাল্লা থানায় দায়ের করা এ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি দায়ের করেছেন শাল্লা উপজেলার বাহারা দক্ষিণ হাটি, পোড়ারপাড় এলাকার রান্টু চন্দ্র সরকার। মামলা নং-১৭/২১৪, তারিখ ১২ জুলাই ২০২৬।
মামলার আসামিরা হলেন, সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন টুলটিকর এলাকার ৩৭/বি নম্বর বাসার মো. মতিউর রহমান মালেকের ছেলে মাহবুবুর রহমান মায়াজ (২৯), একই থানার টুলটিকর এলাকার গফুর আহমদের ছেলে কামিল আহমদ (৩০) এবং সুনামগঞ্জের শাল্লা থানাধীন বাহারা দক্ষিণ হাটি, পোড়ারপাড় এলাকার নিহার রঞ্জন দাসের ছেলে কানাই রঞ্জন দাস (২৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ২০২৬ ভোর আনুমানিক ৭টার দিকে উপজেলার বাহারা দক্ষিণ হাটি পোড়ারপাড় এলাকায় বাদীর বাড়ি থেকে তাঁর মেয়ে নীলা সরকার (২৮) নিখোঁজ হন। ওই সময় ঘরের ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং ড্রয়ারে রাখা সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা, খোয়া যায়।
মামলা সূত্রে জানা যায়, ৩নং আসামি কানাই রঞ্জন দাস ও বাদী একই গ্রামের বাসিন্দা হওয়ায় তাঁর বাড়িতে যাতায়াত ছিল। কানাই রঞ্জনের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় ১ ও ২নং আসামিও প্রায়ই ওই এলাকায় আসতেন। এ সুযোগে ১নং আসামি মাহবুবুর রহমান মায়াজ বিভিন্ন সময় নীলাকে কুপ্রস্তাব দিতেন এবং অশ্লীল আচরণ করতেন।
ঘটনার দিন সকাল ৮টার দিকে বাদীর স্ত্রীর ঘুম ভাঙলে তিনি মেয়েকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভাঙা এবং স্বর্ণালংকার খোয়া যাওয়ার বিষয়টি দেখতে পান। সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দা সুশান্ত কুমার দাস মোবাইল ফোনে বাদীকে জানান, তিনি দূর থেকে কয়েকজনকে নীলার হাত-পা বাঁধা অবস্থায় একটি পোড়াবাড়ি থেকে বের করে মাইক্রোবাসে তুলে নিয়ে যেতে দেখেছেন।
খবর পেয়ে বাদী ও স্থানীয় লোকজন ওই পোড়াবাড়িতে গিয়ে ঘরের ভেতরে নীলার ওড়না, পায়জামা ও কাপড়ের ছেঁড়া অংশ দেখতে পান। কিন্তু মেয়েকে পাওয়া যায়নি। বাদীর অভিযোগ, আসামিরা তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় বাড়ির ওয়ারড্রবের ড্রয়ারে রাখা সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা, লুট করে নিয়ে যান। পরে নীলাকে ওই পোড়াবাড়িতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন এবং হাত-পা বেঁধে মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যান বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিম নীলা সরকারকে উদ্ধার ও আসামীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। যত দ্রুত সম্ভব নীলাকে উদ্ধার করতে এবং আসামীদের আটক করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে।