
গোয়াইনঘাট প্রতিনিধি ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পর্যটন এলাকা খ্যাত বিছনাকান্দি খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মখলিছ মিয়া (৩০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫/২০জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত ১৫ আগস্ট ২০২২ইংরেজি তারিখে স্থানীয় বিছনাকান্দি খেলার মাঠে ঘটনাটি ঘটে । নিহত মখলিছ মিয়া খেলা আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় তেরাব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এই দুই উপজেলার টিমের খেলা ছিল। ট্রাইবেকারে গোল দেয়াকে কেন্দ্র করে দুই টিমের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হলেও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। থানা সূত্র জানায়, নিহত মখলিছের পিতা বাদী হয়ে গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় গ্রামের রমজান আলীর ছেলে সাদ উদ্দিন রাজু কে মামলার ১ নং আসামী ও বিছনাকান্দী গ্রামের মোহাম্মদ সিরাজ উদ্দিনের ছেলে মোঃ লিকসন মিয়াকে ২নং আসামী করে ৫জনের নাম উল্লেখসহ ২০জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা বিছনাকান্দী গ্রামের মাতাব আলীর ছেলে আরজু মিয়া, পূর্ব হাদারপাড় গ্রামের আলমাছ মিয়ার ছেলে সুমন ও লাকেরপাড় গ্রামের আলতাফ। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, খেলাকে কেন্দ্র করে বিছানাকান্দিতে খুনের ঘটনায় জড়িতদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। এই ঘটনার পর থেকে দেশী-বিদেশী পর্যটকরা আতংকে রয়েছেন।