• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ওসমানীনগরে যুবলীগ নেতা দিলদার আলীর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটপাট ও অফিস ভাঙচুর

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৪
ওসমানীনগরে যুবলীগ নেতা দিলদার আলীর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটপাট ও অফিস ভাঙচুর

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলীর অফিস ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে।  আজ শুক্রবার ৩টার দিকে ঘটনাটি ঘটে।
জানা যায়, শুক্রবার ৩টার দিকে জামায়াত ও বিএনপির একদল নেতাকর্মী লাটিসুটা নিয়ে প্রথমে দিলদার আলীর গোয়ালাবাজারস্থ শাহপরান বানিজ্যালয় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় দোকানের মালামাল লুঠপাট করে নিয়ে যায় হামলাকারীরা। এরপর তারা হাজী নছিব উল্ল্যাহ মার্কেটস্থ দিলদার আলীর অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। লুটপাট ভাঙচুরকালে আশপাশের লোকজন ভয়ে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে।
লুটপাট ও ভাঙচুরের কারণে দিলদার আলীর প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।
এ ঘটনায় প্রতিবাদসহ নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। মুঠোফোনে তিনি সাংবাদিকদের জানান, জামায়াত বিএনপির নেতাকর্মীরা শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে ক্ষান্ত হচ্ছে না, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস কিছুই রক্ষা পাচ্ছে না। এছাড়াও এঘটনার নিন্দা জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু।
শাহ পরান বানিজ্যালয়ের ম্যানেজার মনির মিয়া বলেন, জামায়াত বিএনপির একদল সন্ত্রাসি লাটিসুটা নিয়ে হঠাৎ করে অতর্কিত হামলা চালিয়ে দোকানের টাকা পয়সা এবং মালামাল লুঠে নিয়ে যায় এরপর তারা অফিস ভাঙচুর করে।
ঘটনার সত্যতা স্বীকার করে ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়েছে, তবে হামলাকারীরা ততক্ষণে পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন