সিলেটের নয়াসড়কে ২০ দলীয় জোটের সাথে সংঘর্ষে ১০ পুলিশ আহত, ঘটনাস্থল থেকে আটক ৮, বিএনপির ৪২ নেতাকর্মীর নামে মামলা

Daily Jugabheri
প্রকাশিত February 19, 2023
সিলেটের নয়াসড়কে ২০ দলীয় জোটের সাথে সংঘর্ষে ১০ পুলিশ আহত, ঘটনাস্থল থেকে আটক ৮, বিএনপির ৪২ নেতাকর্মীর নামে মামলা

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী ২০ দলীয় জোটের পূর্ব ঘোষিত অবরোধ কার্যকরের লক্ষ্যে বিএনপি ও তার অঙ্গসংগঠন আজ সিলেটের বিভিন্ন স্থানে মিছিল বের করে। সকাল সাড়ে ১০টার দিকে নয়াসড়ক পয়েন্টে বিএনপির একটি বিরাট মিছিল থেকে উশৃঙ্খল নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে গাড়ী ভাংচুর করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, ককটেল বিস্ফোরন ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ তখন বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও স্মেক গ্রেনেড নিক্ষেপ করে। তবে উশৃঙ্খল নেতাকর্মীরা পিছু না হটে পুলিশকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করলে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হোসাইনসহ ১০ জন পুলিশ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। তখন পুলিশ আক্রমন জোরদার করে। উশৃঙ্খল নেতাকর্মীদের লক্ষ্য করে ফাকাগুলি নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক আলী আহমদ, আব্দুল আহাদ খাঁন জামাল, মোঃ ফয়ছল আহমদ, রুবেল আহমদ, এডভোকেট সামছুজ্জামান জামান, আবু সালেহ লোকমান ও আব্দুল্লাহ শফি সাহেদকে আটক করেছে। আহত পুলিশদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এসআই কামরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩শ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। আটককৃত ৮ জন পরে নগরীর বন্ধন-২৭ নং বাসার বাসিন্দা মৃত ইছাক আলীর পুত্র শাহেদ আহমদ চমন, সুনামগঞ্জ জেলার ছাতক থানার ভাতগাও গ্রামের আবুল বশরের পুত্র বর্তমানে শাহপরান থানার ইসলামাবাদ এলাকার বাসিন্দা ভাতগাঁও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, এমসি কলেজ ছাত্রদলের সভাপতি আহমদ চৌধুরী ফয়েজ, ঈদগাহ এলাকার আজাদুর রহমানের পুত্র মতিউল ইসলাম মোর্শেদসহ বিএনপির ৪২ নেতাকর্মীকে অভিযুক্ত করে সংশ্লিষ্ট ধারাসহ বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ৩০০ জনকে।
এদিকে, সিলেট বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করছেন, ফ্যাসিস্ট সরকারের পুলিশ আওয়ামীলীগের দলীয় কর্মীর মতো আচরন করছে। বিনা কারণে বিএনপির মিছিলে হামলা চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৮ জনকে আটক করেছে। বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আহত কোতোয়ালী থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা জানান, উশৃঙ্খল বিএনপি নেতাকর্মীরা হাসপাতালের এম্বুল্যান্স সহ রাস্তায় চলাচলরত গাড়ী ভাংচুর করলে পুলিশ তাদেরকে বিরত থাকার অনুরোধ করে। কিন্তু সন্ত্রাসী নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরন ও গুলি নিক্ষেপ করে। এতে তিনিও আহত হয়েছেন। কমপক্ষে ১০ জন পুলিশকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। আটককৃতরা তাদের স্বীকারোক্তি দিয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন