সিলেটে সংবাদ সম্মেলনে অভিযোগ নবীগঞ্জে আদিবাসী গোষ্ঠীর জমি দখল

Daily Jugabheri
প্রকাশিত November 18, 2020
সিলেটে সংবাদ সম্মেলনে অভিযোগ নবীগঞ্জে আদিবাসী গোষ্ঠীর জমি দখল

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে আদিবাসী ক্ষুদ্রজাতিগোষ্ঠী ‘পাঙাল’ সম্প্রদায়ের জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। আজ সিলেটে একটি হোটেলে সংবাদ সম্মেলনে অভিযোগটি করেছেন নবীগঞ্জের নতুনবাড়ি মতুরাপুর গ্রামের পাঙাল সম্প্রদায়ের আব্দুল মালিকের পুত্র মো. সেবুল ইসলাম সাকিন। তিনি জানান, স্থানীয় মেম্বার বিএনপি নেতা নাসির উদ্দিন ও তার পুত্র ছাত্রলীগ নেতা শামীম প্রভাব ও পেশীশক্তির জোরে তার বাবা ও চাচার সম্পত্তি দখল করে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়ার সাংবাদিকৃন্দ। এসময় মো. সেবুল ইসলাম তার বক্তব্যে বলেন, তারা আদিবাসী নাগরিক হওয়ায় প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন। ২০১৮ সালের ১০ মার্চ তাদের একটি গরু মেম্বারের জমিতে ধান খেতে গেলে ছাত্রলীগ নেতা শামীম গরুটিকে মেরে ফেলেন। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে শামীমের নেতৃত্বে সন্ত্রাসীরা তার ও তার বাবার উপর হামলায় চালায়। এতে গুরুতর হন তার বাবা আব্দুল মালিক। এ ঘটনায় আব্দুল মালিক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই তাদের উপর নেমে আসে নানা নির্যাতন। একই সালের নভেম্বর মাসে তাদের বাড়ী থেকে বের হওয়ার রাস্তায় মেম্বার দেয়াল নির্মান করে দখলের উদ্যোগ নিলে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় শর্তসাপেক্ষে বিষয়টি নিষ্পত্তি হয়। শর্ত অনুযায়ী গরুর ক্ষতিপূরণ ও মামলা তুলে নেয়ার জন্য মেম্বার তাদেরকে ৫০ হাজার টাকা দিবেন। ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে ছাত্রলীগ নেতা শামীমের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায় তাদের উপর। এতে গুরুতর আহত হন মো. সেবুল ইসলাম। দীর্ঘসময় হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন। মেম্বার ও তার পুত্রের উপর মামলা দায়ের করেন। কিন্তু মেম্বার ও তার পুত্রের হামলা-মামলার আতংকে তিনি ও তার পরিবার নবীগঞ্জ ছেড়ে সিলেটে চলে আসেন। ২০২০ সালের ৭ মার্চ আওয়ামীলীগের একটি অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় মামলা হলে ছাত্রলীগ নেতা শামীমের প্ররোচনায় তাকে আসামী করা হয়। পুলিশ তাকে ঐদিনই আটক করে। দীর্ঘসময় জেল খেটে তিনি গত ৪ নভেম্বর জামিন নিয়ে বের হন। ঐ সুযোগে মেম্বার ও তার পুত্র শামীম আহমদ তাদের দুইটি কৃষিজমি জোরপূর্বক দখল করে নিয়েছেন। তার চাচার জমিও তারা দখল করে নিয়েছেন। এমতাবস্থায় জমি উদ্ধারের জন্য তিনি সিলেটের আওয়ামীলীগ নেতা রনজিৎ সরকারকে ঘটনাটি অবহিত করেন। তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখবেন। সংবাদ সম্মেলেনে তিনি আদিবাসী ক্ষুদ্রজাতিগোষ্ঠী ‘পাঙাল’ সম্প্রদায়ের লোকদের উপর স্থানীয় মেম্বার বিএনপি নেতা নাসির উদ্দিন ও তার পুত্র ছাত্রলীগ নেতা শামীমের নির্যাতনের বিচার চান প্রশাসনের কাছে। তার কৃষিজমি উদ্ধার করে দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন ও আওয়ামীলীগ নেতাদের দৃষ্টি আকর্ষন করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন