কুলাউড়ায় ব্যবসায়ীকে অপহরণ

Daily Jugabheri
প্রকাশিত August 17, 2024
কুলাউড়ায় ব্যবসায়ীকে অপহরণ

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ব্যবসায়ী আফজাল আহমদকে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গত ১৪ আগস্ট সন্ধ্যায় কর্মধা ইউনিয়নের কাঠালতলী বাজারে মডেম ফার্মেসীতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আফজাল আহমদকে অস্ত্রের মুখে জোরপূর্বক একটি কালো রঙের মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। প্রায় ২ দিন হয়ে গেল তার কোন খোঁজ পাওয়া যায়নি। আফজাল আহমদ কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবদাল আহমদের ভাই। স্থানীয় জামায়াত-বিএনপির সাথে আবদাল আহমদের রাজনৈতিক বিরোধিতা রয়েছে। এরই জের ধরে সন্ত্রাসীরা আফজাল আহমদকে অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে অস্ত্রধারী ৫/৬ জন লোক কাঠালতলী বাজারে মডেম ফার্মেসীতে অতর্কিত হামলা চালায়। এসময় আফজাল আহমদ চিৎকার করলে সন্ত্রাসীরা তাকে মারধর করে দোকানের বাইরে নিয়ে আসে। চিৎকার শুনে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা অস্ত্র উচিয়ে ধামকি দিয়ে বলে- সে ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতা আবদাল আহমদের ভাই। আবদাল পালিয়েছে তাই তার ভাইকে শায়েস্তা করতে হবে। তখন সন্ত্রাসীরা আফজালকে টেনে হিচেড়ে একটি কালো রঙের মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।
আফজালের পরিবার থেকে জানানো হয়, রাত ৮টার দিকে তারা খবর পান বাজারে আফজালের ব্যবসা প্রতিষ্ঠান মডেম ফার্মেসী থেকে তাকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনরা আফজালের সন্ধানে বিভিন্ন স্থানে যোগাযোগ করেন। আফজালের মোবাইল ফোন তখন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন অভিযোগ করেন, আবদাল আহমদ আওয়ামীলীগের রাজনীতি করায় স্থানীয় জামায়াত বিএনপির সাথে বিরোধিতা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর আবদাল আহমদকে খুঁজতে থাকে স্থানীয় বিএনপি জামায়াত নেতাকর্মীরা। আবদালকে তাদের হাতে তুলে দেয়ার জন্য নানা ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আবদালকে না পেয়ে তার ভাই আফজালকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ধরে নিয়ে গেছে। আফজাল এখন কোথায় আছেন তারা জানেন না। নিরাপত্তাহীনতার মাঝে উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছেন তারা। তারা আরও অভিযোগ করেন, পুলিশকে মৌখিকভাবে বিষয়টি অবগত করলে তারা কোনো উদ্যোগ নিচ্ছে না। লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ ধামকি দিয়ে বলে আবদাল কোথায়? তাকে আমাদের হাতে তুলে দিন। ফ্যাসিস্টদের নিরাপত্তা দিতে পারবে না পুলিশ।
তবে এসব অভিযোগ অস্বীকার করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। থানায় লোকবল সংকট। সবাইকে নিরাপত্তা দেয়া সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতির উন্নতি করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন