
স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ এবং বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেইসবুকে কটুক্তি ও মানহানীকর পোস্ট দেয়ায় মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ এপ্রিল ছাত্র সমন্বয়ক জাহাঙ্গীর আলম রিপন বাদী হয়ে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে এ মামলা দায়ের করেন। কোতোয়ালী সি. আর মামলা নং ৫৩৫/২০২৫ ইংরেজী। ধারা: ৪৯৯/৫০০/৫০৬ (ⅱ) দঃ বিঃ। মামলার আসামীরা হলেন-সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার বলদী গ্রামের মোঃ আলকাছ আলীর পুত্র মোঃ আলম আহমদ ও জকিগঞ্জ থানার কসকনকপুর (উত্তর কসকনকপুর) গ্রামের মোঃ মুক্তাদির হোসেনের পুত্র মোঃ মাবরুর হোসেন।
মামলা সূত্রে জানা যায়, আসামীগণ তাহাদের নিজস্ব ফেইসবুক আইডি থেকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ এবং বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেইসবুকে কটুক্তি ও মানহানীকর পোস্ট দেন। মামলার ১ নং আসামী মোঃ আলম আহমদ তাহার নামীয় ফেইসবুক আইডিতে লিখেন ‘ইউনুসের হাত থেকে বাংলাদেশকে বাঁচান। সুদখোর ইউনুস সরকার বাংলাদেশের সেন্ট মার্টিন আমেরিকার কাছে বিক্রি করেছে।’ যাহা সম্পূর্ণ ভূয়া, মিথ্যা ও বানোয়াট। এছাড়াও তিনি সরকারের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ এবং ছাত্রসমন্বয়কদের নিয়ে বিভিন্ন সময় মানহানীকর কথাবার্তা পোস্ট করেন। মামলার ২ নং আসামী মোঃ মাবরুর হোসেন তার ফেইসবুক আইডি থেকে ছাত্র সমন্বয়ক জাহাঙ্গীর আলম রিপন ও প্রধান উপদেষ্টাকে নিয়ে কটুক্তি করেন।
বাদী মামলায় উল্লেখ করেন, আসামীগণ মিথ্যে ও বিভ্রান্তিমূলক পোস্ট ও ভিডিও ক্লিপ দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোসহ সরকার প্রধানকে অপমান করেছে। জুলাই আন্দোলনে শহীদদের অসম্মান করেছে। আসামীগণ দেশ ও বিদেশে অবস্থান করে তাহাদের ফেইসবুক আইডি হতে মানহানিকর এবং উস্কানিমূলক পোস্ট প্রচারের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দেকে অপমান করেছে। বার বার অনুরোধ করা সত্বেও তারা এমন মানহানিকর মিথ্যে প্রচার বন্ধ করেননি। এমতাবস্থায় আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে এ মামলা দায়ের করা হয়। ছাত্র সমন্বয়কদের পক্ষে মামলাটি দায়ের করেন জাহাঙ্গীর আলম রিপন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ প্রদান করেছেন।