
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে নির্মম হামলায় এক নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গতকাল রবিবার (৭ এপ্রিল) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তরটিলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জান্নাত চৌধুরী, বয়স মাত্র কয়েক মাস। ঘটনার সময় শিশুটি তার বাবা আব্দুল ওয়াদুদ চৌধুরীর কোলে ছিল। তিনি স্থানীয় বাসিন্দা মো. লাল মিয়ার জামাতা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট নগরীর মেজরটিলা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী ও নিহত শিশুর বাবা আব্দুল ওয়াদুদ চৌধুরীর মধ্যে জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ছিল। গতকাল রবিবার শিশুটির বাবা আব্দুল ওয়াদুদ চৌধুরী তার স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে ফেঞ্চুগঞ্জস্থ তার শশুর লাল মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন। দুপুরের দিকে সিলেট মহানগর মেজরটিলা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী ৪/৫ জন সশস্ত্র সহযোগী নিয়ে আব্দুল ওয়াদুদ চৌধুরীর শশুর বাড়ীতে গিয়ে তার উপর আকস্মিকভাবে হামলা চালান। হামলার শুরুতেই মুহিত চৌধুরীর হাতে থাকা মোটা কাঠের লাঠির প্রথম আঘাত শিশুটির মাথায় লাগে। এসময় তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
তখন পরিবারের সদস্যরা নবজাতক শিশু জান্নাতকে তাৎক্ষণিকভাবে সিলেটের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সিলেট শহর থেকে গিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলায় শশুরবাড়ীতে হামলা চালিয়ে বাবার কোলে থাকা নবজাতক শিশুকে হত্যার ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মেজরটিলা ও ফেঞ্চুগঞ্জের স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংস্থা ও নাগরিক সমাজের পক্ষ থেকেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবী উঠছে।