জগন্নাথপুরে ছাত্রদল নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী

Daily Jugabheri
প্রকাশিত May 2, 2025
জগন্নাথপুরে ছাত্রদল নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতার বাড়ীতে তল্লাশী চালিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা ৭ টার দিকে জগন্নাথপুর থানার শ্রীধরপাশা গ্রামের মোঃ মাহবুবুর রহমানের পুত্র সাবেক ছাত্রদল নেতা আদিল আহমেদের বাড়ীতে এই তল্লাশী চালানো হয়। এসময় পুলিশ কর্তৃক তার বাসার আসবাবপত্র তছনছের অভিযোগ উঠছে। তবে এসময় কাউকে গ্রেফতার করা হয়নি। ঐ ছাত্রদল নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর থানার শ্রীধরপাশা গ্রামের মোঃ মাহবুবুর রহমানের পুত্র সাবেক ছাত্রদল নেতা আদিল আহমেদ কয়েক বছর থেকে প্রবাসে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকতে তিনি সিলেট মহানগরের আওতাধিন ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। প্রবাসে গিয়েও তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয় হওয়ার পাশাপাশি বিগত সময়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি করায় তার বাড়ীতে হুমকী-ধামকীর ঘটনা ঘটেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাদের স্বেচ্ছাচারী মনোভাব ও অপতৎপরতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব ছিলেন। এর প্রেক্ষিতে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়াও তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে এবং এই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। এই কারণে তার বাড়ীতে অভিযানে গিয়েছে বলে জগন্নাথপুর থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

এর আগেও একাধিক বার বাড়ীতে পুলিশী তল্লাশীর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আদিল আহমেদের পিতা মোঃ মাহবুবুর রহমান। তিনি বলেন, শুধু এবার নয়, এর আগেও আমার ছেলেকে গ্রেফতারের জন্য জগন্নাথপুর থানা পুলিশ বাড়ীতে অভিযান চালিয়েছে। আমাদেরকে হুমকী-ধামকী দিয়ে গেছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি রুহুল আমীন বলেন, আদিল আহমেদের বিরুদ্ধে একটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা রয়েছে। তাই পুলিশ অভিযানে গিয়েছিল। তবে পুলিশ খবর পেয়েছে সে নাকি প্রবাসে অবস্থান করছে। আমরা আদালতে সেই তথ্য উপস্থাপন করবো। পুলিশ কর্তৃক বাসার আসবাবপত্র তছনছের অভিযোগটি সত্য নয় বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন